দুই ইটভাটা ও এক ব্যক্তিকে সাত লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহের অপরাধে দুটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে নোয়াখালীতে বালু উত্তোলনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী চট্টগ্রাম কার্যালয় থেকে জরিমানার এ আদেশ দেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর এলাকায় মেসার্স চক ব্রিকস ও মেসার্স হোসেন ব্রিকস নামের দুটি ইটভাটা অন্তত ৩০ ফুট উচ্চতার পাহাড় কেটে মাটি সংগ্রহ করে। এতে ওই পাহাড়ের আয়তন সংকুচিত হয়ে পড়ে। মাটি কেটে ফেলার কারণে পাহাড়ি এলাকায় জীববৈচিত্র্যের ক্ষতি, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, ফসল উৎপাদন ব্যাহত, বনাঞ্চলের ক্ষতি ও পাহাড়ে ভূমিধসসহ পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। আট একর আয়তনের এ দুই ইটভাটায় বছরে অন্তত ৫০ লাখ ইট তৈরি হয়। ইটভাটা দুটির লাইসেন্স বাতিলের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুলাকিয়া গ্রামে বিমানবন্দরের পাশে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ভূগর্ভ থেকে বালু উত্তোলন করায় প্রায় ৫০ শতাংশ জমির ভূগর্ভে ফাটল সৃষ্টি হয়। বালু তোলার অপরাধে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনোয়ার উদ্দিন হাওলাদারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শক্তিশালী পাম্প মেশিন ব্যবহার করে বালু তোলার কারণে ভূগর্ভে ফাটল সৃষ্টি ও ভূমিধসসহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসনের সহায়তায় সেখানে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করে।