দুই ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে অবৈধভাবে ইটের ভাটা স্থাপন করে কৃষিজমি বিনষ্ট এবং পরিবেশের ক্ষতিসাধন করার অপরাধে দুটি ইটভাটা থেকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার এ জরিমানা করেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে মানিকগঞ্জের সিঙ্গাইরের পালড়া ও চান্দহর গ্রামের দুটি ইটভাটায় গতকাল অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। দুটি ইটভাটার মধ্যে একটি এ টি এম ব্রিকস ফিল্ড প্রায় পাঁচ বছর আগে ও সফুর ব্রিকস এক বছর আগে বেআইনিভাবে স্থাপন করা হয়েছে। কোনোটিরই পরিবেশের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স কিংবা বিএসটিআইয়ের কোনো অনুমতিপত্র নেই।এসব অভিযোগ পেয়েই পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল ওই দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের দণ্ডিত করে অর্থ আদায় করেন। দুটি ইটভাটার মধ্যে সফুর ব্রিকসকে আড়াই একর জমি থেকে ইটভাটার সব মাটি ও স্থাপনা অপসারণ করে ২০ নভেম্বরের মধ্যে আগের কৃষিজমিতে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ টি এম ব্রিকসকে উৎপাদন বন্ধ রেখে আধুনিক পদ্ধতির চিমনি স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে জানা যায়, সফুর ব্রিকস নামের ইটভাটার কারণে ওই গ্রামের ৪০ শতাংশ ধানি জমির উৎপাদন শক্তি হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া ইটভাটার চিমনির প্রচণ্ড তাপে ও চিমনি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে গ্রামবাসী শ্বাস-প্রশ্বাসজনিত রোগের শিকার হচ্ছে। ওই গ্রামের কৃষকেরা দুই মাস ধরে এই দূষণকারী ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন। গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।