দুই ইটভাটায় করাতকল পোড়ানো হচ্ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে ২০০১ সাল থেকে। অথচ ফরিদপুরে দুটি ইটভাটায় করাতকল বসিয়ে কাঠ চেরাই করে তা দিয়ে ইট পোড়ানো হচ্ছে।ইটভাটা দুটি ফরিদপুর সদরে অবস্থিত। একটি ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরেরডাঙ্গি গ্রামে, নাম কেকেইউ ব্রিকস ফিল্ড। এর মালিক কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি খলিফা কামাল উদ্দিন। অপরটি কানাইপুর ইউনিয়নের দিকনগরে অবস্থিত, নাম এসএম কুদ্দুস অ্যান্ড সন্স। এটির মালিক সৈয়দ মো. কুদ্দুস আলম চিশতি।১৭ এপ্রিল বিকেলে সরেজমিনে দেখা গেছে, এসএম কুদ্দুস অ্যান্ড সন্স ইটভাটাটি ঢাকা-খুলনা মহাসড়ক ঘেঁষে দক্ষিণ পাশে পড়েছে। এ ভাটার প্রবেশপথের বাঁ দিকে একটি করাতকল বসানো রয়েছে। করাতকলে ও ইটভাটার আশপাশে গাছের গুঁড়িসহ স্তূপাকারে কাঠ সাজানো রয়েছে।ওই ভাটার ব্যবস্থাপক রাজবাড়ীর পাচুরিয়া এলাকার ওসমান গণি বলেন, ভাটা ও করাতকলের মালিক একই ব্যক্তি। করাতকলে গাছের গুঁড়ি ও ডালপালা চেরাই করে ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সনাতন পদ্ধতির চিমনি ব্যবহার করা হচ্ছে এখানে। ভাটায় কয়লা ও কাঠ—দুই-ই ব্যবহার করা হয়।ইটভাটায় কর্মরত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে চার দফায় ইট পোড়ানো হয়েছে। এক দফা (এক রাউন্ডে) ইট পোড়াতে ২৮ থেকে ২৯ দিন লাগে। ভাটাটিতে চার দফায় ইট পোড়াতে ২৫০ মেট্রিক টন কয়লা ও ২৪ হাজার মণ কাঠ লেগেছে। ভাটায় আরও চার দফা ইট পোড়ানো হতে পারে বলে জানান তাঁরা।এসএম কুদ্দুস অ্যান্ড সন্স ইটভাটার পরিচালক রাজ্জাক ফকির দাবি করেন, ‘সরকার এক লাখ টাকা নিয়ে এই বছরের জন্য আমাদের সনাতন পদ্ধতির চিমনি ব্যবহারের অনুমতি দিয়েছে। আমরা পে-অর্ডারের মাধ্যমে ওই টাকা ফরিদপুরের তৎকালীন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাহরিয়ার মতিনের কাছে জমা দিয়ে ভাটা চালু করেছি।’শাহরিয়ার মতিন বর্তমানে গোপালগঞ্জে কর্মরত। তিনি পে-অর্ডারের মাধ্যমে এক লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ টাকা জরিমানা হিসেবে নেওয়া হয়েছিল। সেটি ছিল একটি অন্তর্বর্তীকালীন অনুমতি, যার মেয়াদ মার্চ মাসেই শেষ হয়ে গেছে। কথা ছিল, মার্চের মধ্যেই জিগজ্যাগ চিমনি তারা করে ফেলবে। তিনি আরও বলেন, ভাটায় কাঠ পোড়ানো বা করাতকল বসানোর কোনো সুযোগ নেই।এদিকে ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরেরডাঙ্গি গ্রামে কেকেইউ ব্রিকস ফিল্ডে গিয়ে দেখা গেছে, মুজিব সড়কের পশ্চিম পাশে ইটভাটাটি পড়েছে। এটির অফিসকক্ষের দক্ষিণ পাশে করাতকলটি স্থাপন করা হয়েছে। সেখানে কাঠ চেরাই করা হচ্ছে। ওই ভাটার মালিক খলিফা কামাল উদ্দিন বলেন, ‘ভাটার জন্য করাতকল বসাইনি। ওটা আমার আলাদা ব্যবসা।’ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফজলুল হক জানান, ২০০১ সাল থেকেই ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো সম্পূর্ণ নিষেধ। তিনি বলেন, ‘করাতকল উচ্ছেদ করার মতো জনবল আমাদের নেই।’