দুই ঈদ ছাড়া ছুটি নেই তাঁদের কাজ করতে হয় সকাল-রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৮ বছর ধরে ধান-চালের আড়তের কর্মচারী মোশরফ হোসেন। দীর্ঘ কর্মজীবনে বছরে দুটি ঈদ ছাড়া আর কোনো ছুটি পাননি ৫৮ বছর বয়সী এই ব্যক্তি। প্রতিদিন সকাল ৭টায় তাঁর কাজ শুরু হয়, চলে রাত ১০টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি দূরের কথা, আজকের মে দিবসটাতেও কাজ করতে হবে সমানতালে।

 মোশারফ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের একটি আড়তের কর্মী। তাঁর মতো এই বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানায় কর্মরত অন্তত পাঁচ হাজার শ্রমিক-কর্মচারীকে একই নিয়ম মেনে নিয়ে কাজ করতে হয়। শ্রমিক-কর্মচারীদের ছুটির অধিকার বঞ্চনার বিষয়টি সরোজগঞ্জ বাজারের নিয়মে পরিণত হয়েছে।

 জানতে চাইলে বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. আবদুল্লা শেখ প্রথম আলোকে বলেন, সরোজগঞ্জ আশপাশের কয়েকটি জেলার মধ্যে অন্যতম বড় কৃষি মোকাম। এখানে সাপ্তাহিক ছুটি চালু করলে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হবে। এর প্রভাব শ্রমিক-কর্মচারীদের ওপরও পড়বে। তবে শ্রমিকদের সঙ্গে সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা বর্তমানে মাসে দুদিন ছুটি পাচ্ছেন। পছন্দমতো দিনে এই ছুটি ভোগের সুযোগ রয়েছে।

বাজার উন্নয়ন কমিটির হিসাব অনুযায়ী, সরোজগঞ্জে ১ হাজার ৫৬টি ব্যবসাপ্রতিষ্ঠানে পাঁচ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী আছেন। ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ধান-চালসহ কৃষিপণ্যের আড়ত, ধানের চাতাল, কৃষি যন্ত্রাংশ তৈরির কারখানা, মুদি ও মনিহারি দোকান এবং হোটেল-রেস্তোরাঁ। সব মিলিয়ে জেলার দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্যের মোকাম এই সরোজগঞ্জ।

বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সরোজগঞ্জ বাজারে প্রতি শুক্রবার ও সোমবার সাপ্তাহিক হাট বসে। কিন্তু সপ্তাহের সাত দিনই এখানে কৃষিপণ্যসহ অন্যান্য সামগ্রী নিয়মিত বেচাকেনা চলে। আশপাশে চুয়াডাঙ্গার বদরগঞ্জ ও ডিঙ্গেদহ এবং ঝিনাইদহের ডাকবাংলা বাজার সপ্তাহে এক দিন বন্ধ থাকে। কিন্তু শতবর্ষী সরোজগঞ্জ বাজার চলে বিরামহীন। এখানে দুই ঈদের ছুটি ছাড়া বাকি দিনগুলোতে পুরোদমে ব্যবসা-বাণিজ্য চলে। ফলে শ্রমিক-কর্মচারীদেরও বিরামহীন পরিশ্রম করতে হয়।

 নাম প্রকাশ না করার শর্তে বাজারের সাবেক এক শ্রমিকনেতা বলেন, ৩৫ বছর ধরে তিনি একই মালিকের অধীনে কাজ করছেন। বেতন-ভাতা নিয়ে তাঁর তেমন অভিযোগ নেই। কিন্তু ছুটির অভাবে আত্মীয়স্বজনের বাড়িতে যেতে পারেন না। এ কারণে অনেকেই তাঁকে অহংকারী মনে করেন।

ওই শ্রমিকনেতা বাজারের সুবিধাবঞ্চিত শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ে সংগঠিত করার উদ্যোগ নেন। আন্দোলনের মুখে মালিকপক্ষকে সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনায় বসতে বাধ্যও করা হয়। কিন্তু বৈঠকের কিছুক্ষণ আগে মালিক তাঁকে জরুরি কাজের কথা বলে সরোজগঞ্জের বাইরে পাঠিয়ে দেন। এতে সাধারণ শ্রমিক-কর্মচারীদের মধ্যে তাঁর বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। পরে আর আন্দোলন এগোয়নি।

 মো. হাসান আলী (২৮) নামের এক শ্রমিক বলেন, তাঁর মতো সবাইকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়। প্রতিদিনই একই নিয়ম। কাজের চাপে মাঝেমধ্যে কোন দিন কী বার সেটার আর হিসাব থাকে না। মে দিবসে সারা বিশ্বের শ্রমিকেরা ছুটি ভোগ করলেও এই বাজারের কেউই না পাওয়ায় আক্ষেপ আছে তাঁর। তিনি বললেন, এবারও কেউ মে দিবসের ছুটি পাবেন না। এই অবস্থার অবসান হওয়া দরকার।

 সরোজগঞ্জ বাজার শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আশাদুল হক বলেন, সাপ্তাহিক ছুটির দাবিতে শ্রমিক-কর্মচারীরা ১৫ বছর ধরে মিছিল, সভা-সমাবেশ ও ইউপি চেয়ারম্যানের কার্যালয় ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছেন। তবে আজও দাবি আদায় করা যায়নি। আন্দোলনের মুখে তিন মাস আগে মালিকপক্ষ শ্রমিক-কর্মচারী নেতাদের সঙ্গে বসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি।

 স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান বলেন, সাপ্তাহিক ছুটির দাবিতে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনে তাঁর নৈতিক সমর্থন আছে। তিনি বলেন, ‘আমার প্রচেষ্টায় মালিক ও শ্রমিকপক্ষ বৈঠক করেছে। আশা করি, দ্রুততম সময়ে একটা সমাধান হবে।’

জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি ভোগের অধিকার আছে। সরোজগঞ্জ বাজার কমিটির নেতাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।