দুই ঈদে বন্ধ থাকবে নিউইয়র্কের স্কুল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে প্রথমবারের মতো পাবলিক স্কুলে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার মেয়র ও ডেমোক্র্যাট নেতা বিল ডি ব্লাজিও এ ঘোষণা দেওয়ার পর নগরের মুসলমানদের মধ্যে শুরু হয়েছে আনন্দ-উল্লাস। স্থানীয় মুসলিমরা বিষয়টিকে রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন।
গত নির্বাচনের আগে ব্লাজিও জয়ী হলে দুই ঈদে স্কুল ছুটি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিউইয়র্কের আগে নিউজার্সি, ম্যাসাচুসেটস, ভারমন্টসহ মুসলমান অভিবাসীবহুল নগরগুলোতে ঈদ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চালু রয়েছে।
মেয়র ব্লাজিও ঈদে স্কুল ছুটির ঘোষণা দিয়ে বলেন, এ সিদ্ধান্তের কারণ সহজেই বোধগম্য। নগরে মুসলমান অভিবাসীর সংখ্যা বেড়েছে। তা ছাড়া নগরের উন্নয়নে মুসলমানদের অবদানের স্বীকৃতির জন্যই ঈদে স্কুল ছুটি রাখা হবে। তাঁর ঘোষণার পর নিউইয়র্কের স্কুল চ্যান্সেলর ক্যারম্যান ফারিনা জানান, চলতি বছর থেকেই দুই ঈদের ছুটি কার্যকর হবে। এ ঘোষণার ফলে এখন থেকে নগরের পাবলিক স্কুলগুলোতে ঈদে সাধারণ ছুটি থাকবে। তিনি আরও বলেন, ঈদে ছুটি ঘোষণার ফলে শিক্ষার্থীরা ধর্মীয় সহনশীলতা, ভিন্ন ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানার ও শেখার অবকাশ পাবে।
নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোতে আগে থেকেই ইহুদি ও খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসবে ছুটি পালিত হয়ে আসছিল। নিউইয়র্ক স্কুল বোর্ডে কর্মরত প্রবাসী শাহানা বেগম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ঘোষণাটি আমাদের জন্য আনন্দের। দুই দশকের বেশি সময় নিউইয়র্কে থাকলেও ঈদের দিনগুলোতে স্কুল খোলা থাকার বিড়ম্বনায় থাকতে হতো আমাদের।’
নিউইয়র্ক নগরের পাবলিক স্কুলে ১০ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। ২০০৯ সালে এক জরিপ থেকে জানা যায়, এই স্কুলগুলোর ১০ শতাংশ শিক্ষার্থীই মুসলমান।