দুই ঈদের ভিজিএফের চাল বিতরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপির নেতা হারুন অর রশিদ চার মাসের বেশি সময় ধরে পরিষদে অনুপস্থিত রয়েছেন। এ কারণে গত দুটি ঈদ উপলক্ষে বরাদ্দ করা ভিজিএফের চাল এখন পর্যন্ত বিতরণ করা হয়নি। চাল না পেয়ে বিপাকে পড়েছেন দুই হাজার ৮৪০ জন দরিদ্র কার্ডধারী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভিজিএফের কার্ডধারী এবং স্থানীয় লোকজনের কাছে জানা গেছে, ওই ইউপির চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঙ্গে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে চেয়ারম্যান হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে তাঁর কার্যালয়ে আসছেন না। এতে কার্ডধারী দরিদ্র ব্যক্তিদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলা খাদ্য গুদাম থেকে গত ঈদুল ফিতরের ভিজিএফের চাল তুলে ইউপির গুদামে রাখা হয়েছে। ঈদুল আজহার ভিজিএফের চাল গ্রহণ করে তাও খাদ্য গুদামেই রেখে দেওয়া হয়েছে। চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ওই চাল আর বিতরণ করা হয়নি।
ফুলবাড়িয়া গ্রামের কার্ডধারী আনোয়ারা বেওয়া বলেন, ‘চার মাস ধরে চাল না পাইয়া খুব কষ্টে আছি।’
আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিন বলেন, নির্বাচনের পর থেকেই চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব উন্নয়নকাজে বিঘ্ন ঘটছে। চেয়ারম্যানের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলে তিনি দাবি করেন।
ভাটারা ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ খান বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁকে মেরে ফেলবে—এই ভয়ে তিনি পরিষদের কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তবে তিনি শিগগিরই ভিজিএফের চাল বিতরণ করবেন।
পিআইও রকিবুল ইসলাম বলেন, গত চার মাসেও চেয়ারম্যান চাল বিতরণ করেননি। শিগগিরই বিতরণ করা না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।