দুই উত্ত্যক্তকারীর কারাদণ্ড তিনজনের জরিমানা
উত্ত্যক্ত করার (ইভ টিজিং) দায়ে সাতক্ষীরা ও গোপালগঞ্জে দুইজনকে কারাদণ্ড এবং ব্রাহ্মণবাড়িয়ায় তিনজনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সাতক্ষীরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বেগম মাশরুবা ফেরদৌস এই দণ্ড দেন। ইভ টিজিংয়ের অপরাধে সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের এটি দ্বিতীয় সাজা। সাজা পান ইকবাল হোসেন (২২)। তিনি সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামের আবদুল গফুরের ছেলে।সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, তাঁর বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ও তাঁকে জানায়। ছাত্রীর বাবা ছেলের বাবাকে ঘটনাটি জানালেও তিনি ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। দুই দিন আগে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ইকবাল বিয়ের প্রস্তাব দেন। বারবার নিষেধ করার পরও তাঁকে ওই পথ থেকে ফেরানো যাচ্ছিল না। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রামবাসী ইকবাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। রাতে তাঁকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়। গতকাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ওই সাজা দেওয়া হয়।গোপালগঞ্জে দণ্ড পাওয়া উত্ত্যক্তকারীর নাম আনিসুর রহমান (৩৪)। ঈদের দিন বুধবার সন্ধ্যায় শহরের চিত্রবাণী সিনেমা হলে এক কিশোরীকে নাজেহাল করার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিয়ার রহমান জানান, গোপালগঞ্জ বীণাপাণি সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী তার বড় ভাইয়ের সঙ্গে সিনেমা দেখতে যায়। এ সময় নেশাগ্রস্ত আনিসুর রহমান মেয়েটির হাত ধরে টানাটানি করে। সঙ্গে থাকা ভাই প্রতিবাদ করলে আনিসুর রহমানের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এ সময় সিনেমা হল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ সিনেমা হল থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোতাচ্ছিমুল ইসলাম তাঁকে এক বছরের দণ্ড দেন।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত আবদুল খালেক (২৯), সুমন চন্দ্র দাস (২৮) ও অয়ন চন্দ্র ধর (২০) নামের তিন উত্ত্যক্তকারীকে ১৭ হাজার টাকা জরিমানা করেন। গত সোমবার সন্ধ্যায় থানা চত্বরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। রাতেই তাঁরা জরিমানা দিয়ে ছাড়া পান। উত্ত্যক্তকারী খালেকের বাড়ি সরাইল সদর উপজেলার সৈয়দটুলা গ্রামে, সুমনের বাড়ি একই উপজেলার আঁখিতারা গ্রামে, আর অয়নের বাড়ি নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে। তাঁরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠকর্মী।পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নাসিরনগরের দাঁতমণ্ডল এরফানিয়া সিনিয়র মাদ্রাসার আলিম শ্রেণীর এক ছাত্রী কুলিগুন্ডা থেকে উপজেলা সদরে আসছিল। পথে মোটরসাইকেল আরোহী তিন তরুণ ওই ছাত্রীর গতিরোধ করে তার ঠিকানা জানতে চান। ওই ছাত্রী তার বড় ভাইকে বিষয়টি মুঠোফোনে জানায়। পরে উপজেলা সদরে পৌঁছার পর পুলিশ ওই তিনজনকে আটক করে। সন্ধ্যার পর ইউএনও জামিল আহমেদ থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুল খালেককে ১০ হাজার, সুমন চন্দ্র দাসকে পাঁচ হাজার ও অয়ন চন্দ্র ধরকে দুই হাজার টাকা জরিমানা করেন; অনাদায়ে তাঁদের ১৪ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন। তিনজনই সোমবার রাত ১০টায় জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।