চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অবশেষে দুই উপ-ইউনিটের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সময়সূচি অনুযায়ী কলা অনুষদের অন্তর্ভুক্ত বি-৩ (চারুকলা) ও বি-৭ (আইইআরটি) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর বেলা আড়াইটায়। তবে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই দুই উপ-ইউনিটসহ মোট ছয়টি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায়। কিন্তু একই সময়ে ছয়টি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা একটির বেশি পরীক্ষায় অংশ নিতে পারতেন না। এ নিয়ে গত সোমবার প্রথম আলোতে ‘ইউনিট ভাগ হলেও পরীক্ষা একই সময়ে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ল কর্তৃপক্ষের।