দুই উপজেলা দুই দিন ধরে অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় গত শুক্রবার সকালে ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের তিনটি টাওয়ার ভেঙে পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলায় দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দুই উপজেলায় বিদ্যুতের ৩৬ হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে ঝোড়ো হাওয়ায় কাউনিয়া উপজেলার খোপাতিতে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তিনটি টাওয়ার ভেঙে রংপুরের পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে ওই সময় থেকে দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।পীরগাছার কান্দি বাজারের চালকল মালিক মাহবুবার রহমান জানান, বিদ্যুতের অভাবে দুই দিন ধরে তাঁর চালকল বন্ধ। উপজেলার কৈকুড়ী ইউনিয়নের সুবিদ গ্রামের সেচপাম্পমালিক আবদুল কুদ্দুস মিয়া বলেন, ‘দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় জমিতে সেচ দিতে পারছি না।’রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ফিরোজ আল মোজাহিদ গতকাল শনিবার বিকেলে ওই দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, ‘ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়া বিদ্যুতের টাওয়ারসহ লাইন মেরামতের কাজ চলছে। সন্ধ্যায় মেরামতের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে।’