দুই উপজেলায় ভিজিডির চাল বিতরণে বিলম্ব
বরগুনার দুই উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় তিন হাজার নারী দুস্থ গোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) সহায়তা কর্মসূচির প্রথম কিস্তির চাল এখনো পাননি। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সময়মতো ভিজিডি কার্ড জমা দিতে না পারায় এই চাল পেতে বিলম্ব হচ্ছে।
বরগুনার আমতলী ও তালতলী দুই উপজেলার সোনাকাটা, নিশানবাড়িয়া, আমতলী সদর, কড়ইবাড়িয়াসহ ১৪টি ইউনিয়নের প্রায় ২ হাজার ৮২২ জন দুস্থ নারীকে ভিজিডি সহায়তা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়। ভিজিডি কর্মসূচির আওতায় বছরে ছয় কিস্তিতে এই কার্ডধারীদের মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তাঁদের সহায়তার প্রথম কিস্তি পাওয়ার কথা ছিল।
ছোটবগী ইউনিয়নের তুলি বেগম (৪৫) বলেন, তিনি ভিজিডি সহায়তার জন্য তালিকাভুক্ত হয়েছেন। সহায়তা পাওয়ার জন্য কয়েকজন ইউপি সচিবের সঙ্গেও কথা বলেছেন। তাঁরা বলেছেন, চাল পেতে দেরি হবে।
জেলা মহিলা ও শিশুবিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভিজিডি সহায়তা দেওয়ার জন্য ১৪টি ইউনিয়ন পরিষদ তালিকা তৈরি করে উপজেলা পরিষদে জমা দেয়। এই তালিকা ২৮ ডিসেম্বর সংশ্লিষ্ট দুই উপজেলা পরিষদ অনুমোদন দেয়। মহিলা ও শিশুবিষয়ক কার্যালয় সুবিধাভোগীদের ছবিসংবলিত কার্ড তৈরির জন্য অনুমোদিত তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ফেরত পাঠায়। ফেব্রুয়ারি মাসের শুরুতে কার্ড তৈরির কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ সময়মতো এই কার্ড তৈরি করে জমা দিতে পারেনি।
আমতলী উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো বলেন, কার্ডের অনুকূলে চালের বরাদ্দ আসে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সময়মতো সুবিধাভোগী নারীদের কার্ড জমা না দেওয়ায় খাদ্যশস্য বিতরণের সরকারি আদেশ (জিও) জারি করা যায়নি। তালতলী উপজেলার মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা জেসমিন আকতার একই তথ্য জানিয়ে বলেন, অল্প দিনের মধ্যেই সুবিধাভোগীদের সহায়তা দেওয়া হবে।
ছোটবগী ইউনিয়ন পরিষদের আরিফা বেগম (৬০) বলেন, ‘আমি বিধবা। চাল পেলে একটু ভালোভাবে দিন চলত।’
তবে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সুবিধাভোগীদের বেশ কিছু নাম নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে জটিলতার কারণে এখনো সহায়তা দেওয়া যায়নি। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ দ্রুত কার্ড তৈরির কাজ করছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, সুবিধাভোগীদের তালিকা অনেক আগেই চূড়ান্ত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্ড তৈরি করে জমা না দেওয়ায় সহায়তা দেওয়া যাচ্ছে না। দ্রুত এসব কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।