দুই উপজেলার আউশ প্রণোদনা ফিরে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির আওতায় রাজশাহীর দুই উপজেলার কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া সরকারের আউশ প্রণোদনা শেষ পর্যন্ত ফেরত গেছে৷ স্থানীয় কৃষকদের তালিকা তৈরিতে জটিলতা সৃষ্টি হওয়ায় এ প্রণোদনা ফেরত যায় বলে জানা গেছে৷
কৃষকদের তালিকা তৈরিতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা দলীয়করণ করায় প্রণোদনা বিতরণে জটিলতা দেখা দেয়৷ এ কারণেই ফেরত গেল প্রণোদনার টাকা৷ প্রণোদনা ফিরে যাওয়া উপজেলা দুটি হচ্ছে তানোর ও গোদাগাড়ী।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল আমিন জানান, গত বৃহস্পতিবার তাঁর দপ্তরে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। তাতে ‘কৃষক নির্বাচনে জটিলতা সৃষ্টি হওয়ায় বরাদ্দ বাতিল করে নওগাঁয় দেওয়া হলো’ বলে জানানো হয়েছে৷ তিনি বলেন, এ ব্যাপারে এখন আর তাঁদের আর কিছু করার নেই।
অথচ রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিলের মধ্যে আউশ প্রণোদনার সার ও টাকা কৃষকদের মধ্যে পৌঁছার কথা ছিল। জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটিতেই যথাসময়ে সুষ্ঠুভাবে তা বিতরণ হলেও তানোর ও গোদাগাড়ীতে হয়নি। এ ব্যাপারে ১০ মে প্রথম আলোতে এ অবস্থা নিয়ে ‘আউশে কৃষকের প্রণোদনা আটকা’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়৷
বঞ্চিত কৃষকেরা অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা কৃষি কমিটির তালিকা কাটাকাটি করে নিজ দলের লোকজনের নাম ঢোকান৷ আবার কোথাও আওয়ামী লীগের নেতারা কমিটির তালিকা বাদ দিয়ে নতুন তালিকা বানান। পরে কৃষি কমিটিগুলো আর এ তালিকা অনুমোদন করেনি।
ইউনিয়ন পর্যায়ের কৃষি কমিটিগুলোর একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা প্রথম তালিকায় স্বাক্ষর করেছিলেন। পরে তাঁদের তালিকা কাটাকাটি করা হয়েছে। এভাবে বরাদ্দ ফেরত যাওয়ায় তাঁরা বিব্রত।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, বেশির ভাগ ইউপি চেয়ারম্যান বিএনপির হওয়ায় তাঁদের তালিকা পক্ষপাতদুষ্ট ছিল। তাই তাঁরা (আওয়ামী লীগ নেতারা) তা সংশোধন করেন।