দুই উপজেলার তিন শ গ্রাম বিদ্যুৎহীন, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বিদ্যুতের খুঁটি সংস্কার না করায় রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার ৩০০ গ্রামে এখনো বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়নি। এতে এসব গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কালবৈশাখীতে মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। এতে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীন মিঠাপুকুর ও পীরগঞ্জের ২০১টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে ওই দুই উপজেলার ৮০০ গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত দুই দিনে নতুন করে ১০০ বিদ্যুতের খুঁটি বসিয়ে প্রায় ৪০০ গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। বাকি ৩০০ গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে এসব গ্রামে আবার বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ চলছে।
মিঠাপুকুর উপজেলার গোপালপুর, বালারহাট, বড় হযরতপুর, মিলনপুর, কাফ্রিখাল, দুর্গাপুর, মির্জাপুর, রানীপুকুরসহ আরও কয়েকটি ইউনিয়নের গ্রামগুলোতে বিদ্যুৎ নেই। এ ছাড়া পীরগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মাহিদুল ইসলাম জানান, ঝড়ে গ্রামের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এলাকায় বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে পড়ায় এখনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। একই এলাকার জীবননেছা বেওয়া বলেন, ‘সারা গ্রামের বিদ্যুতের তার ছিঁড়ি পড়ছে। এইগলা ঠিকঠাক না করলে ওমরা (বিদ্যুৎ সমিতি) কেমন করি বিদ্যুতের লাইন দেবে।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন দাবি করেন, গত দুই দিনে প্রায় ৬০ ভাগ (৪৮০ গ্রাম) গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। পুরো এলাকায় বিদ্যুৎ-সংযোগ দিতে আরও চার দিনের মতো সময় লাগতে পারে।