ব্রহ্মপুত্রের ভাঙন অব্যাহত থাকায় ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে রয়েছে। গ্রামবাসীর অভিযোগ, ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং প্রশাসনের লোকজন কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর বহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে যায় গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের পূর্ব ও পশ্চিম ভাটিপাড়া গ্রামের বেশির ভাগ অংশ। ওই ভাঙনে নিঃস্ব হয়ে পড়া ওই দুই গ্রামের শতাধিক পরিবার বর্তমানে আশপাশের বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছে। কোনো কোনো পরিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। গত বছরের এপ্রিলে ভাঙন রোধে গ্রামবাসী চাঁদা তুলে বাঁশ ও বালির বস্তা দিয়ে একটি বাঁধ নির্মাণ করে। কিন্তু বর্ষা শুরু হওয়ার পরপরই তা ভেঙে যায়। এরপর নদীগর্ভে চলে যায় পশ্চিম ও পূর্ব ভাটিপাড়া গ্রামের বেশির ভাগ অংশ। এ বছরও ওই দুটি গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পশ্চিম ভাটিপাড়া ও পূর্ব ভাটিপাড়া গ্রাম দুটি লোকশূন্য। নদীর তীরে গিয়ে পাওয়া যায় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে। তিনি জানান, ভাংনামারী ইউনিয়নের ব্রহ্মপুত্রঘেঁষা ভাটিপাড়া, উজান কাশিয়ার চর, খোদাবক্সপুর, বয়রা ও দূর্বাচর গ্রামে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যেই ভাঙনে বিলীন হয়ে গেছে কয়েক শ একর জমিসহ রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ফলের বাগান। পশ্চিম ভাটিপাড়া গ্রামের একটি মসজিদ গত বছর নদীভাঙনে বিলীন হয়ে যায়। এরপর নদী ঘেঁষে আবারও মসজিদ বানানো হয়েছে। মসজিদটি আবারও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও।
ভাংনামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুল হক প্রথম আলোকে বলেন, আজও (গতকাল বৃহস্পতিবার) ভাটিপাড়া গ্রামের পাঁচটি বসতবাড়ি তলিয়ে গেছে। বিষয়টি স্থানীয় সাংসদ, ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে মরিচার চর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বহ্মপুত্রের ভাঙনে এরই মধ্যে ওই গ্রামের বেশ কিছু বাড়িঘর ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেছে। এ ছাড়া নামাপাড়া, বালুর ঘাট, কুলিয়ার চরসহ বেশ কয়েকটি গ্রাম ভাঙনের আশঙ্কায় রয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, নদীভাঙনের বিষয়টি পানি উন্নয়ন (পাউবো) বোর্ডকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসনও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা করেছে।
পাউবোর ময়মনসিংহ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইউনুস আলী বলেন, ‘আমি তিন মাস আগে ময়মনসিংহে এসেছি। তাই গৌরীপুর উপজেলার নদীভাঙনের বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় সাংসদ বা অন্য কোনো জনপ্রতিনিধির সুপারিশ থাকলে বাধ নির্মাণ করা সম্ভব।’ তিনি আরও জানান, লিখিত আবেদন পাওয়ার পর ঈশ্বরগঞ্জ উপজেলার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। বাঁধ নির্মাণে একটি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।