দুই উপজেলার মৎস্যজীবীদের বিরোধ
বেড়ামোহনা নদীতে মাছ শিকার নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা ও কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৎস্যজীবীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সম্প্রতি আজমিরীগঞ্জের মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে গেলে ইটনার মৎস্যজীবীরা তাদের মারধর ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জের বেড়ামোহনা নদীটি কুশিয়ারার সঙ্গে সংযুক্ত থাকায় সেখানে বিপুল পরিমাণ ইলিশ ও চিংড়ি মাছ পাওয়া যায়। উপজেলার প্রায় ১৫ হাজার মৎস্যজীবী এ নদীটির ওপর নির্ভরশীল। বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী ইটনা উপজেলার মৎস্যজীবীরাও এ নদীতে মাছ শিকার করে আসছিল। একপর্যায়ে আজমিরীগঞ্জের মৎস্যজীবীরা সপ্তাহে পাঁচ দিন এবং ইটনার মৎস্যজীবীরা দুই দিন মাছ ধরতে পারবে বলে উভয় পক্ষ সমঝোতা করে। কিন্তু সম্প্রতি ইটনার মৎস্যজীবীরা দাবি করছে, তাদের এখন পাঁচ দিন মাছ ধরার সুযোগ দিতে হবে। কিন্তু আজমিরীগঞ্জের লোকজন তা না মানায় বিরোধের সৃষ্টি হয়েছে। তারা মাছ ধরতে গেলে বাধা দিচ্ছে ইটনার লোকজন। এ নিয়ে আজমিরীগঞ্জের মৎস্যজীবীরা উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে।গত রোববার আজমিরীগঞ্জের কামালপুর গ্রামের আইয়ুব আলী মুঠোফোনে জানান, এক সপ্তাহ ধরে ইটনার লোকজন তাঁদের মাছ শিকার করতে দিচ্ছে না। গত কয়েক দিনে কমপক্ষে ২৫ জন তাদের হামলার শিকার হয়েছে। তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। ইটনার মৎস্যজীবীদের নেতা হরমুজ মিয়া বলেন, ‘আগে আমরা দুই দিন এবং আজমিরীগঞ্জের লোকজন পাঁচ দিন মৎস্য শিকার করত। এ নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে কয়েক বছর আগে সমঝোতাও হয়। এখন আমাদের দাবি, আমরা পাঁচ দিন আজমিরীগঞ্জের লোকজন দুই দিন নদীতে মাছ শিকার করবে।’ এ দাবি না মানায় বিরোধের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীটি আজমিরীগঞ্জের ভেতর পড়েছে। অথচ এখানকার মৎস্যজীবীদের মাছ শিকারে বাধা দেওয়া হচ্ছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিতোষ হাজরা বলেন, নদীটি ইজারার আওতায় নেই। উভয় এলাকার লোকজন নিজেদের মধ্যে সমঝোতা করে নদীতে মাছ শিকার করে আসছিল। এখন এ রুটিন পরিবর্তন করতে গিয়ে নিজেরা এ সংঘাতে জড়িয়ে পড়েছে।