
বেইলি সেতু এবং পাহাড়ধসে বান্দরবান জেলা শহরের সঙ্গে রুমা ও রোয়াংছড়ি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার ট্রাকসহ বেইলি সেতু ধসে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে গত বুধবার বান্দরবান-রুমা সড়কের ২৪ কিলোমিটার অংশে পাহাড় ধসে পড়ে।
গতকাল শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম খান জানান, বান্দরবান-রোয়াংছড়ি সড়কে সকাল ১০টার দিকে অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় হানসামাপাড়া বিজিবি সেক্টর সদর দপ্তরের পাশের বেইলি সেতুটি ধসে পড়ে। সেতুর মূল কাঠামো দেবে গিয়ে পাটাতন খুলে ট্রাকটি সেতুটির ওপর আটকে যায়।
ধসে পড়া বেইলি সেতুর ওপর ট্রাক আটকে থাকায় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বহু মানুষ ভোগান্তিতে পড়ে। পরে সেতুর দুই পাশ থেকে যাত্রিবাহী বাস চলাচল শুরু হলে ভোগান্তি কমে।
এদিকে বান্দরবান-রুমা সড়কের জেলা সদর থেকে ২৪ কিলোমিটারে সড়কসহ পাহাড় ধসে পড়ে। সেনাবাহিনীর-১৯ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন (ইসিবি) সড়কটির দায়িত্বে রয়েছে। সেখানে শ্রমিক রবিউল ইসলাম জানিয়েছেন ঈদের আগে ধসে পড়া সড়কটি পুনর্নির্মাণ করে আংশিক চালু করা হয়েছিল। কিন্তু গত বুধবার বৃষ্টি হওয়ায় আবারও ধসে পড়ে।
সেখানে কর্মরত ১৯ ইসিবির ওয়ারেন্ট কর্মকর্তা নাজমূল হোসেন বলেন, দ্রুত পুনর্নির্মাণ শেষ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এ জন্য বন্ধের দিনেও কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।