দুই উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন হয় না ১৪ বছর
প্রায় ১৪ বছর ধরে কুমিল্লার দুই উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। পৌরসভা প্রতিষ্ঠার ১০ বছরের মধ্যেও নির্বাচন হয়নি দেবীদ্বার পৌরসভায়। অন্যদিকে জেলার আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত কুমিল্লার ১৬ উপজেলার ১৭৮টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। জেলার ১৮৫টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে নির্বাচন হয়নি। সীমানা নিয়ে আইনগত জটিলতা থাকার কারণে এসব ইউনিয়নে যথাসময়ে নির্বাচন করা যায়নি। এর মধ্যে বরুড়া উপজেলার গালিমপুর, শাকপুর, ভাউকসার, খোশবাস দক্ষিণ, শিলমুড়ি উত্তর ও দক্ষিণ ইউনিয়ন। তা ছাড়া, সীমানা নিয়ে বিরোধ থাকায় বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নে নির্বাচন হয়নি। জানা গেছে, ২০০৪ সালের ৪ মার্চ বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ এবং খোশবাস দক্ষিণ ইউনিয়নের নামকরণ ও সীমানা নির্ধারণ নিয়ে একটি গেজেট প্রকাশিত হয়। ওই গেজেটের বিরুদ্ধে শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদারসহ আরও দুজন চেয়ারম্যান উচ্চ আদালতে একটি রিট করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। পরে আরেকটি পক্ষ এ ব্যাপারে রিট করলে গত ১৫ নভেম্বর ২০০৪ সালের গেজেটকে বহাল রাখা হয়। এ অবস্থায় ওই ইউনিয়নগুলোতে নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ইউনিয়নগুলোতে ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বরের পর আর কোনো নির্বাচন হয়নি। শিলমুড়ি উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রাহেনুল আমিন বলেন, ‘মামলাজনিত কারণে ওই ইউনিয়নগুলোতে ২০০৩ ও ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়নি। ওই কারণে নেতৃত্বের বদল হয়নি।’শিলমুড়ি দক্ষিণ ইউপির চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার বলেন, ‘আদালত ২০০৪ সালের গেজেট বহাল রাখলেও আমরা এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাব। আমাদের ইউনিয়নের গ্রামগুলো পরিবর্তন করায় মামলা করেছি। সময়মতো নির্বাচন হোক, তা আমরা চাই।’প্রতিষ্ঠার পর দেবীদ্বার পৌরসভায় নির্বাচনই হয়নি: ২০০২ সালে দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের নির্বাচন হয়নি। নির্বাচন না হওয়ার কারণে ওই এলাকার বাসিন্দারা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।দেবীদ্বার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, ‘আইনগত জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না। জনগণের প্রতিনিধি থাকলে উন্নয়নমূলক কার্যক্রম বেশি হয়ে থাকে। তাই নির্বাচন হওয়াটা জরুরি হয়ে পড়েছে।’