দুই উপজেলার ৯২ শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মিনারহীন
বগুড়ার শেরপুরে মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৮১টি ও উল্লাপাড়া পৌর শহরের ১২টির মধ্যে ১১টিতেই শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এসব প্রতিষ্ঠানে রয়েছে অন্তত ৩৮ হাজার শিক্ষার্থী।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ছোলায়মান আলী বলেন, উপজেলায় ৫০টি উচ্চবিদ্যালয়, ১২টি কলেজ ও ৪২টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে শুধু একটি মাদ্রাসাসহ পাঁচটি কলেজ ও ১৭টি উচ্চবিদ্যালয়ে রয়েছে শহীদ মিনার। বাকি ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে ২৫ হাজার। তিনি আরও বলেন, এ বছরও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত রোববারই ই-মেইলের মাধ্যমে উপজেলার ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
উপজেলার সেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, বিদ্যালয় চত্বরে স্থায়ী শহীদ মিনারের দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। কিন্তু বিদ্যালয়ের আর্থিক সংকটের কারণে তাঁরা শহীদ মিনার নির্মাণ করতে পারেননি। সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতাও পাননি।
মহিপুর কলোনি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলম বলেন, তাঁর বিদ্যালয় চত্বরে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য উপজেলা পরিষদ ও স্থানীয় সাংসদের কাছে আর্থিকভাবে সহযোগিতা চেয়েছেন। তবে তাঁরা এখনো কোনো সহযোগিতা পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, শেরপুরে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, তার তালিকা বানাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছেন তিনি।
স্থানীয় সাংসদ হাবিবর রহমান বলেন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার তৈরির উদ্যোগ নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি।
এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১টিতেই শহীদ মিনার নেই। এখানে শহীদ মিনার না থাকার তালিকায় সুপ্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। বিভিন্ন দিবস পালনে পৌর শহরের থানা মোড়ে নির্মিত একমাত্র শহীদ মিনারেই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর শহরে তিনটি কলেজ, দুটি মাদ্রাসা ও সাতটি উচ্চবিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে শুধু সরকারি আকবর আলী কলেজে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া এলাকায় ১৯০৬ সালে উল্লাপাড়া মার্চেন্টস উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। অথচ এই শিক্ষাপ্রতিষ্ঠানে আজও শহীদ মিনার স্থাপন করা হয়নি।
উল্লাপাড়া ডিগ্রি কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে শহীদ মিনার নেই। অধ্যক্ষ নুরুল আলম সরকার বলেন, জায়গার অভাবে করা হয়নি। তবে এখন সমস্যা দূর হয়েছে। এখন শহীদ মিনার নির্মাণ করা হবে।
উল্লাপাড়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ১৯২৪ সালে। এই মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান বলেন, অতীতে জায়গার সমস্যার কারণে ইচ্ছা থাকলেও শহীদ মিনার গড়া সম্ভব হয়নি। এই মাদ্রাসার বর্তমান গভর্নিং বডির সভাপতি পৌর মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, এখানে শহীদ মিনার নির্মাণে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লাপাড়া থানা মোড়ে মুক্তিযুদ্ধ-পরবর্তী ১৯৭২ সালে শহীদ মিনার নির্মাণ করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধারা এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে সবাই এখানেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য চিঠি দেওয়া হয়েছে। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালনের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।