দুই উপজেলার ‘সেতুবন্ধ’ হয়নি
কামারখালী নদীতে একটি সেতুর অভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর ও দিরাই উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে না। যানবাহনে করে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে সুনামগঞ্জ সদর হয়ে ঘুরে যাতায়াত করতে হয়।জগন্নাথপুরের ভুরাখালী গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, শুকনো মৌসুমে নিজেদের চলাচলের সুবিধার্থে এলাকাবাসী নদীর এই অংশে বাঁশের সাঁকো করে নেন। বর্ষায় নৌকা ছাড়া চলা যায় না। একটি সেতু থাকলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটত।দুই উপজেলার শেষ সীমান্তে কামারখালী নদীতে সেতু না থাকায় সেখানকার ১৫ গ্রামের ৫০ হাজার মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীটির পূর্ব পারে জগন্নাথপুরে বিগত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদের বাড়ি। আর পশ্চিম পারে দিরাইয়ে বর্তমান রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ি। সেতুটি নির্মিত হলে দুই উপজেলা সদরের মধ্যে সরাসরি যাতায়াতের পাশাপাশি দূরত্ব ১২ কিলোমিটার কমে যাবে। এমনিতে এক উপজেলা থেকে আরেক উপজেলা সদরে যেতে ৩১ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, নদীর এক পারে জগন্নাথপুরের ভুরাখালী ও অপর পারে দিরাইয়ের রাজনগর অবস্থিত। ভুরাখালী ও রাজনগরের মধ্যে নদীর ওপর ১৫০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।ভুরাখালী গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদ তাঁর জীবদ্দশায় ১৯৯৮ সালে জগন্নাথপুর উপজেলা সদর থেকে নদীর পাড় পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করে দেন। নদীতে একটি সেতু নির্মাণেরও উদ্যোগ নেন তিনি। কিন্তু সরকার পরিবর্তনের পর সেই উদ্যোগ ভেস্তে যায়।নদীপারের বাসিন্দা রণজিৎ দাশ বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই দুই প্রভাবশালী নেতার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকায় সেতুটি হয়নি।’জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরশ মিয়া বলেন, দুই উপজেলার সেতুবন্ধের জন্য কামারখালী নদীতে একটি সেতু নির্মাণ জরুরি।দিরাই উপজেলার জগদল ইউপির চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি কামারখালী নদীতে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।’সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তামজিদ সারোয়ার বলেন, কামারখালী নদীতে সেতু হবে। দিরাই উপজেলা এলজিইডির মাধ্যমে সেতুটির কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।