দুই উপজেলায় এসি ল্যান্ড নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় এসি ল্যান্ডের (সহকারী কমিশনার, ভূমি) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে দুটি উপজেলায় ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছে।মতলব উত্তর উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, এখানকার সহকারী কমিশনার (ভূমি) কুলদীপ চাকমা ২০০৮ সালের অক্টোবরে বদলি হয়ে যান। এরপর চার বছরেরও বেশি সময় ধরে পদটি শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে কাজ করছেন। ফতেপুর গ্রামের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ অভিযোগ করেন, তিনি ২০০৮ সালে একটি মামলা করেছেন যার নিষ্পত্তি এখনো হয়নি। ভূমি কার্যালয়ে নথি আটকে রাখা হচ্ছে দীর্ঘদিন।তবে কার্যক্রম ঠিকমতো চলছে দাবি করে মতলব উত্তরের ইউএনও আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ওই উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পদ ২০০৪ সালের মার্চ থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত সাত বছর ধরে শূন্য ছিল। চলতি বছরের এপ্রিলে মো. আমিনুল ইসলাম ওই পদে যোগ দেন এবং ৭ অক্টোবর বদলি হয়ে যান। এরপর পদটিতে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে মতলব দক্ষিণের ইউএনও সফিকুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন বিকেলে দুই ঘণ্টা করে ভূমি কার্যালয়ে দায়িত্ব পালন করেন। কাজের চাপ কম থাকায় তেমন অসুবিধা হয় না।