দুই উপজেলায় চাল সংগ্রহ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় চলতি মৌসুমে সরকারের চাল সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়েছে। পুঠিয়ার লাইসেন্সধারী ৩৪ জন চালকল মালিকের কেউই এবার চাল সরবরাহের চুক্তি করেননি। তাঁরা বৈষম্যমূলক বরাদ্দের অভিযোগ এনে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। এতে দুর্গাপুরের চাল সংগ্রহও আটকে গেছে।
রাজশাহীতে গত ১৩ মে থেকে চলতি মৌসুমে সরকারের চাল সংগ্রহ অভিযান শুরু হয়। এ জন্য চালকল মালিকদের ৩১ মের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে চুক্তি করতে বলা হয়।
পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৫ সংসদীয় আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এবার পুঠিয়ার চেয়ে দুর্গাপুরে তিন গুণ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পুঠিয়ায় ৩৪ জন লাইসেন্সধারী চালকল মালিক রয়েছেন। এই চালকলগুলোর পাক্ষিক ছাঁটাই ক্ষমতা ১ হাজার ৩০৭ মেট্রিক টন। খাদ্যগুদামের ধারণক্ষমতা প্রায় পাঁচ হাজার টন। কিন্তু এখানে চাল সংগ্রহের জন্য বরাদ্দ পাওয়া গেছে ৪৬৯ টন। দুর্গাপুরে চালকল রয়েছে আটটি। এদের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা প্রায় ২৮০ টন। খাদ্যগুদামের ধারণক্ষমতা ৫০০ টন। কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ২৮০ টন।
পুঠিয়ার ব্যবসায়ীদের অভিযোগ, ২০০৯ সালে ক্ষমতাসীন দলের নেতারা চালকল মালিকদের কাছে চাঁদা চেয়ে পাননি। যে কারণে উল্টো তাঁদের নামে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছিল। এবার ওই সুবিধা নেওয়ার জন্য পুঠিয়ার চেয়ে দুর্গাপুরে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ২৬ মে চালকল মালিকদের পক্ষে নজরুল ইসলাম, মনিরুল হক ও তুরফান আলী জেলা চাল সংগ্রহ কমিটির সভাপতি জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরদিন শুনানি শেষে তিন কার্যদিবসের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৩১ মে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুজা আলম আদালতে সময়ের প্রার্থনা করেন। আদালত ২৯ জুন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
এদিকে দুর্গাপুরের চালকল মালিকেরা তড়িঘড়ি করে চুক্তি করে ৩১ মে ৩০ টন ও ১ জুন ১৫ টন চাল গুদামে সরবরাহ করেন। এর পরিপ্রেক্ষিত ২ জুন মামলার বাদীপক্ষ থেকে দুর্গাপুরের চাল সংগ্রহের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আদালত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দুর্গাপুরে চাল সংগ্রহের ওপরও স্থিতাবস্থা জারি করেন।
জানতে চাইলে জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁদের কিছু করার নেই। যেহেতু মামলা হয়েছে, আদালতের কাছে তাঁদের কিছু কাগজপত্র তুলে ধরতে হবে। একই কথা বললেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুজা আলমও।
বৈষম্যমূলক বরাদ্দের ব্যাপারে সাংসদ কাজী আবদুল ওয়াদুদ বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ভুল করে বরাদ্দ ওলটপালট করেছেন। এ বিষয়ে তাঁর কিছু করার নেই। তাঁর কাছে ব্যবসায়ীরা এসেছিলেন। তিনি তাঁদের আদালতে যেতে বলেছেন। আর সম্ভব হলে একটা সমঝোতা করে নিতে বলেছিলেন। তাঁর দলের নেতাদের চাঁদাবাজির সুবিধার্থে এ রকম বরাদ্দ দেওয়া হয়েছে—এমন অভিযোগ বিষয়ে তিনি বলেন, এমন বিষয় তাঁর জানা নেই।