দুই উপজেলায় সংঘর্ষ আহত ২০
নেত্রকোনার কেন্দুয়া ও খালিয়াজুরী উপজেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর ও নাজিরপুর গ্রামের দুই দল লোকের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অন্য একটি সভায় থাকায় আমি ঘটনার কথা টেলিফোনে শুনেছি। সংঘর্ষে অনেকেই আহত হয়েছে।’ অপর দিকে কেন্দুয়া উপজেলায় গত সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানার পুলিশ বাদী হয়ে গত মঙ্গলবার দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করেছে। ইতিমধ্যে নয়জন নারীসহ ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার-আতঙ্কে এলাকাবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।কেন্দুয়া পৌরসভার মেয়র মো. আবদুল হক ভূঁইয়া অভিযোগ করেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে গ্রামের নিরীহ লোকজনও রয়েছে।