দুই উপজেলায় সরকারি মাধ্যমিক স্কুল-কলেজ নেই
নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এতে গ্রামাঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষার্থী উন্নত ও আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।স্থানীয় প্রশাসন ও শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ দুই উপজেলায় গড়ে প্রায় তিন লাখ করে মানুষ বাস করে। দুই উপজেলায় দুটি পৌরসভাসহ ২৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) রয়েছে। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় দুটি, কিন্ডারগার্টেন তিনটি, মাদ্রাসা ১২টি, মাধ্যমিক বিদ্যালয় ৩৪টি, স্কুল অ্যান্ড কলেজ একটি এবং বেসরকারি কলেজ রয়েছে পাঁচটি। এদিকে কালিয়ায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩টি, কমিউনিটি বিদ্যালয় একটি, কিন্ডারগার্টেন দুটি, মাদ্রাসা ১৩টি, মাধ্যমিক বিদ্যালয় ২৮টি, বেসরকারি কলেজ রয়েছে ছয়টি। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ নেই। এতে উপজেলা দুটির ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে স্থানীয় বেসরকারি স্কুল ও কলেজগুলোতে পড়াশোনা করতে হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, এসব বেসরকারি স্কুল বা কলেজে মানসমঞ্চত পড়াশোনা হয় না। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পেছনে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব। এর সূত্র ধরে শিক্ষকদের মধ্যে বিভক্তি, শিক্ষক পদের সংকট প্রধান কারণ। লোহাগড়া পৌর এলাকার বাসিন্দা রফিক মুন্সি অভিযোগ করেন, ছাত্রছাত্রীদের পড়ানোর চেয়ে এখানকার শিক্ষকেরা ব্যস্ত থাকেন পরিচালনা কমিটিতে কে কার প্রিয় লোককে সদস্য করবেন এ নিয়ে। একই এলাকার কলেজছাত্র শফিক হায়দারের অভিযোগ, শিক্ষকদের অমনোযোগিতার কারণে অনেক সময় তাদের ক্লাস হয় না।শিক্ষক শারমিন আক্তার বলেন, প্রতিটি শিক্ষার্থী গঠনের মূল ভিত্তি মাধ্যমিক বিদ্যালয়। সেখানে যদি শিক্ষার পরিবেশ না থাকে, তাহলে অসহায় শিক্ষার্থীরা কোথায় যাবে! তাঁর দাবি, সরকারের উচিত প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে সরকারি মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ-উজ্জামান বলেন, উপজেলাভিত্তিক একটি করে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থাকা প্রয়োজন। তিনি বলেন, অর্থাভাবে গ্রামাঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী শহরে যেতে পারে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি পাঠানোর আশ্বাস দেন তিনি। কালিয়ায় একমাত্র আব্দুস সালাম কলেজকে ১৯৮৫ সালে ডিগ্রি কলেজে উন্নীত করা হয়। উপজেলার কালিয়া গ্রামের অভিভাবক সুলতান আহমেঞ্চদ বলেন, কালিয়ায় সরকারি হাইস্কুল ও কলেজ না থাকায় অনেক ছেলেমেয়ে শিক্ষাক্ষেত্রে তেমন ভালো করতে পারছে না। স্কুল পরিচালনা কমিটি নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে মনোমালিন্য থাকার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল বলেন, উপজেলা পর্যায়ের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার ব্যাপারে বর্তমান সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হলে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।