দুই উপজেলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির সংশয়
কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। দলের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উভয় উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছেন। ১৯ মে ওই দুই উপজেলায় ভোট হবে।
জানতে চাইলে আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ফজলুল হক বলেন, ‘নির্বাচনের দিন প্রতি ইউনিয়নে তিনজন নির্বাহী হাকিম ও তিনজন বিচারিক হাকিম মোতায়েন করতে হবে। নির্বাচনে একটি মহল প্রভাব বিস্তার করছে। এ অবস্থায় বিভিন্ন স্থানে আমার সমর্থকেরা হুমকির মুখে ও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন৷ নির্বাচন সুষ্ঠু করতে হলে পুলিশের সঙ্গে সেনা, র্যাব ও বিজিবি মোতায়েন করতে হবে। অন্যথায় দেশের বিভিন্ন উপজেলার মতো আদর্শ সদর উপজেলায় কেন্দ্র দখল হওয়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে গত শনিবার কুমিল্লা নগরের বাদুরতলা এলাকায় এক সংবাদ সম্মেলনে ফজলুল হক বলেন, ‘বিগত নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও আমাকে ৪৬ ভোটে পরাজিত দেখানো হয়। এবার কেন্দ্র দখল ও ফলাফল ছিনতাই ঠেকাতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’
আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে ভোট হবে। ওই উপজেলায় এক লাখ ৭২ হাজার ৫৯৫ জন ভোটার রয়েছে।
এদিকে সদর দক্ষিণ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী মাহাবুব আলম চৌধুরী বলেন, ‘ভোটকেন্দ্র দখল না হলে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে ভোটাররা আমাকে রায় দেবেন। প্রশাসন চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
সদর দক্ষিণ উপজেলার ১৪টি ইউনিয়নের ৬৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার দুই লাখ পাঁচ হাজার ৪৯৭ জন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, ‘নির্বাচন প্রভাবিত করতে সরকারদলীয় নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে জোর-জবরদস্তি করছে। এতে করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। শেষ সময়ের এ নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি।’
অভিযোগ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, উভয় উপজেলায় আওয়ামী লীগের একক প্যানেলের প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীরা পড়াশোনাসহ সব ক্ষেত্রেই যোগ্য। ভোটাররা শিক্ষিত প্রার্থীকেই রায় দেবেন। এ ক্ষেত্রে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। এ জন্য প্রত্যেক কেন্দ্রেই নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে।