দুই উপজেলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা
সুবর্ণচর ও হাতিয়া উপজেলা পরিষদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ১৯-দলীয় জোট। গতকাল জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন ডেকে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
বেলা ১১টায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ শাহজাহান অভিযোগ করেন, আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় সুবর্ণচর উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য সরকারি দলের সাংসদসহ দলের নেতা-কর্মীরা উঠেপড়ে লেগেছেন। তাঁরা প্রকাশ্যেই বিভিন্ন সভায় বলছেন, ‘সরকারদলীয় প্রার্থীকে যাঁরা ভোট দেবেন না, তাঁরা দয়া করে ভোটকেন্দ্রে যাবেন না।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিএনপি তথা ১৯ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ পুলিশি হয়রানি বৃদ্ধি পাচ্ছে। চরজব্বার থানার পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সাজানো মামলায় জড়াচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ জন নেতা-কর্মীকে আটক করে আদালতে পাঠানো হয়। এ ছাড়া এরই মধ্যে বিএনপির কয়েকজন কর্মীকে নির্বাচনের দিন কেন্দ্রে না আসার মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, বিএনপি নেতা গিয়াসউদ্দিন সেলিম প্রমুখ।