দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার ইজিবাইকের ধাক্কায় জাবির মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় আরও এক শিশু নিহত হয়।
মোহনগঞ্জে নিহত জাবির মিয়া ওই উপজেলার বরাম গ্রামের জাকির মিয়ার ছেলে। বাজিতপুরে নিহত শিশুর নাম মহুয়া বেগম (৩)। সে করিমগঞ্জ উপজেলার বোয়ালমাড়া গ্রামের বুলবুল মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মোহনগঞ্জ বাজার থেকে একটি ইজিবাইক সাত-আটজন যাত্রী নিয়ে চেচরাখালী বাজারের উদ্দেশে রওনা দেয়। বেলা একটার দিকে বরাম গ্রামের সামনে সড়কে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের ওপর দাঁড়িয়ে থাকা জাবির মিয়াকে পেছন থেকে ধাক্কা মারে। এতে জাবির গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার পর চালক ইজিবাইক ফেলে পালিয়ে গেছেন। এটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে তেলবাহী একটি ট্রাক ভৈরব থেকে বাজিতপুরে যাচ্ছিল। বেলা দেড়টার দিকে হাজিবাড়ি এলাকায় ওই ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মহুয়া নিহত হয়। আহত হন মহুয়ার মা নাসরিন আক্তার (৩০), ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার রাকিবুল মিয়া (১৮), ইটনা উপজেলার সন্দ্বীপ গ্রামের হালিমা আক্তার (৫০), সিংপুর গ্রামের জহিরুল ইসলাম (২৮) ও শাহজাহান শাহীন (৮)। আহত ব্যক্তিদের বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।