দুই উলফা নেতার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সন্ত্রাস দমন আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুব উল ইসলাম এ রায় দেন।
একই আদালত আজ অস্ত্র আইনের মামলায় রঞ্জন চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে এই মামলায় খালাস পেয়েছেন প্রদীপ মারাক।
রায় ঘোষণার পর রঞ্জন ও প্রদীপ এজলাসে হইচই শুরু করেন। এজলাস থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাঁরা রায়ের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আজিজুর রহমান বলেন, এই রায় অনুপ্রবেশকারী এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান ও সাইদুর রহমানের অভিযোগ, আসামিরা ন্যায়বিচার পাননি।
২০১০ সালের ১৭ জুলাই গভীর রাতে ভৈরব পৌর শহর এলাকা থেকে রঞ্জন ও প্রদীপকে আটক করে তৎকালীন র‌্যাব-৯ (বর্তমানে র‍্যাব-১৪) এর সদস্যরা। র‌্যাবের উপপরিচালক (ডিএডি) মো. করিম উল্লাহ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন, অস্ত্র, অনুপ্রবেশ ও বিস্ফোরক আইনে পৃথক চারটি মামলা করেন। এর মধ্যে আজ দুটি মামলায় রায় হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, রঞ্জন চৌধুরী আসামে মেজর রঞ্জন হিসেবে পরিচিত। তাঁর বাড়ি ভারতের আসামের ধুবড়া জেলার গৌরিপুর থানার মধু শোলমারি গ্রামে। প্রদীপের বাড়ি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামে। রঞ্জন ২০০৭ সালে ঝিনাইগাতির সাবেত্রী মং নামের এক আদিবাসী নারীকে বিয়ে করে ওই অঞ্চলে বাস করছিলেন।