সুনামগঞ্জের ধরমপাশায় আদালতের হাজত থেকে পালিয়ে যাওয়া ভারতীয় নাগরিক দুই আসামির মধ্যে হরেশ মারাককে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হরেশকে (৩০) পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।এদিকে দুই আসামির পালানোর ঘটনায় আদালতের জেনারেল রেজিস্ট্রারের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোতালেব ও জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআই জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত ও চার কনস্টেবলকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়েছে। প্রত্যাহার করা কনস্টেবলরা হলেন: ইদ্রিস আলী, মামুনুর রশীদ, সিরাজুল ইসলাম ও আবদুস সাত্তার। তবে গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া অপর আসামি খারাক মারাককে (৩০) পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় আদালতের হাজত থেকে ওই দুই আসামি পালিয়ে যান। পালানোর ঘটনায় গতকাল তাঁদের বিরুদ্ধে দুপুরে ধরমপাশা থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মহিষখলা বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের সামনে থেকে ৩০ মে হরেশ ও খারাককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পিস্তলের ১২টি গুলি ও পাঁচ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ক্যাম্পের হাবিলদার মো. শাহজাহান মিয়া মধ্যনগর থানায় ৩১ মে অস্ত্র আইন ও অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলা করেন। অনুপ্রবেশের মামলায় সাক্ষী দিতে মঙ্গলবার সুনামগঞ্জ কারাগার থেকে ডিএসবির এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশি প্রহরায় আসামিদের ধরমপাশার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম শেষে রাত সাড়ে নয়টার লঞ্চে তাঁদের ফেরার কথা। কিন্তু সন্ধ্যা সাতটায় আদালতের হাজতখানার জানালার রড ভেঙে ও ডান্ডাবেড়ি খুলে তাঁরা পালান। তাঁদের ধরিয়ে দিতে রাতেই এলাকায় মাইকে প্রচার চালানো হয়। খবর পেয়ে গতকাল সকালে দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার গনিউজ্জামান লস্কর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশি প্রহরা সত্ত্বেও কীভাবে দুই আসামি পালালেন তা খতিয়ে দেখা হচ্ছে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বায়েছ আলম পলাতক হরেশকে পুনরায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহনগঞ্জের দুর্গাপুর গ্রামের একটি ধানখেত থেকে হরেশকে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে।