দুই একর জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের অবহেলায় দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের প্রায় দুই একর জমি বেদখল হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ওই জমিতে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি নির্মাণ করেছেন।

কলেজের উপাধ্যক্ষ ফিরোজ আলম মোল্লা বলেন, কয়েকটি দাগে কলেজের নামে প্রায় ১৯ একর জমি আছে। এর বেশির ভাগই কলেজ চত্বরে। কিন্তু সীমানাপ্রাচীর না থাকায় এসব জায়গা বেদখল হয়ে যাচ্ছে। ঘর নির্মাণের সময় দখলদারদের একাধিকবার বাধা দেওয়া হয়, কিন্তু তাঁরা শোনেননি। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও অবৈধ দখল ঠেকানো সম্ভব হয়নি।

কলেজের শিক্ষক ও স্থানীয় লোকজন বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সব দখলদারকে উচ্ছেদ করা হয়। সাইনবোর্ড টাঙিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে কলেজের সীমানাও ঠিক করা হয়। এরপর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে ওই জায়গা আবার বেদখল হয়ে যায়।

কলেজ কার্যালয় থেকে জানা যায়, ৫০৩ দাগে প্রায় এক একর, ৬২২ দাগে ২৫ শতাংশ, দক্ষিণ বাসুদেবপুর ডাঙ্গা এলাকার ২৭ শতাংশ ও ৫১০ দাগের ৪৭ শতাংশ জমি বেদখল হয়ে গেছে। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে একটি মামলায় হেরে যাওয়ায় ৫১০ দাগের ৪৭ শতাংশ জমি হাতছাড়া হয়ে গেছে।

কলেজ প্রতিষ্ঠার সময় (১৯৬৩ সাল) সুজাপুর গ্রামের আতোয়ার রহমান চৌধুরী কলেজের প্রশাসনিক ভবনের পাশে এক একর ৩৯ শতাংশ জমি কলেজের নামে দান করেন। প্রায় ৫০ বছর পর তাঁর এক আত্মীয় ওই জমির অংশীদার দাবি করে মামলা করেন। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আইনজীবী নিয়োগ বা প্রয়োজনীয় নথি উপস্থাপন না করায় চলতি বছরের ২৭ আগস্ট ওই ৪৭ শতাংশ জমির নামজারি আদেশ বাতিল হয়।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওই রায়ে উল্লেখ করেন, ৫১০ দাগের সব সম্পত্তি কলেজ কর্তৃপক্ষ কীভাবে ও কোথা থেকে পেয়েছে, মূল মামলা অথবা আপিল আবেদনে তা উল্লেখ করেনি। এরপর রংপুর বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করা হলে ২০ সেপ্টেম্বর কলেজের বিপক্ষে চূড়ান্ত রায় দেওয়া হয়।

অধ্যক্ষ রতন কুমার দেব বলেন, ‘আমাদের আইনজীবীর গাফিলতিতে মামলার রায় কলেজের বিপক্ষে চলে গেছে। মামলাসংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট আইনজীবী কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সময়মতো যোগাযোগ করেননি। এ কারণে আপিল করেও আমরা জিততে পারিনি। তবে সম্পত্তি কলেজের দখলেই আছে।’ অধ্যক্ষ আরও বলেন, ওই জমি ছাড়াও বেদখল হওয়া অন্য জমি উদ্ধারের জন্য থানার পুলিশ, ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেও লাভ হচ্ছে না। কলেজের কয়েকজন শিক্ষক নিয়ে ওই জমি উদ্ধারের জন্য একটি কমিটি করা হয়েছে। তাঁরা সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন।

সরেজমিনে দেখা গেছে, বেদখল হওয়া জমিতে দোতলা একটি বসতবাড়ি, তিনতলা ভবনসহ চালকল-চাতাল ও ছোট ছোট দোকানপাট গড়ে উঠেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দোতলা বাড়ি করেছেন এলাকার আবু সাঈদ। চালকল-চাতাল করেছেন হোসেন আলী। এ ছাড়া আরও কয়েকজন কলেজের পুকুর ভরাট করে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করেছেন।

আবু সাঈদ বলেন, ‘১৯৯৬ সালের দিকে ৬২০ দাগে সাড়ে চার শতাংশ জমি কিনেছি। তত্কালীন অধ্যক্ষ মরহুম আবদুল আজিজ ওই জমিটি বিক্রি করে দখল বুঝিয়ে দিয়েছেন। বাড়ি নির্মাণের পর কলেজের পক্ষ থেকে ওই জমির মালিকানা দাবি করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, ৬২০ দাগের বদলে ভুলবশত বাড়িটি ৬২২ দাগের ওপর নির্মাণ করা হয়েছে।’

চা-দোকানদার সাদেকুল ইসলাম জানান, তাঁর দোকানের মালিক রোকেয়া বেগম। ৫০ হাজার টাকা জামানত দিয়ে ও মাসে এক হাজার ১০০ টাকা ভাড়ার চুক্তিতে তিনি দোকানটি নিয়ে ব্যবসা করছেন।