এক ব্যবসায়ীকে নির্যাতন করে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুই উপপরিদর্শককে (এসআই) গতকাল সোমবার প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের কাঠ ব্যবসায়ী ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী বিল্লাল হোসেনের বাড়িতে সাদাপোশাকে গিয়ে দরজা ধাক্কা দেন সোনারগাঁ থানার দুজন এসআই আবদুল লতিফ ও আমিনুল ইসলাম। দরজা খুলতে দেরি হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। এরপর দুই সোর্স (তথ্যদাতা) হাবিব মিয়া ও মিঠু হোসেনকে নিয়ে বিল্লালের ঘরে ঢোকেন তাঁরা। এ সময় ঘরে মাদক আছে উল্লেখ করে বিল্লালের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হওয়ায় দুজন এসআই ও দুজন সোর্স বিল্লালকে বেধড়ক পিটিয়ে আহত করেন। বিল্লালের ডাকচিৎকারে এলাকার কয়েক শ নারী-পুরুষ এসে পুলিশ ও সোর্সদের পিটুনি দিয়ে একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রাখেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ গিয়ে দুই এসআইয়ের শাস্তির আশ্বাস দিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।
গতকাল দুই এসআই আবদুল লতিফ ও আমিনুল ইসলামকে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেন পুলিশ সুপার (এসপি) মঈনুল হক। পাশাপাশি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) সাজেদুর রহমান ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল।
গতকাল বিকেলে তদন্ত কমিটির সদস্যরা বিল্লাল হোসেন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় এলাকার কয়েক শ নারী-পুরুষ ওই বাড়ির সামনে দায়ী পুলিশ দস্যদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। অধিকতর তদন্ত করে দায়ী দুই এসআইকে চাকরিচ্যুত করার সুপারিশ করা হবে।’
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, গত বছরের ৩ আগস্ট পৌর এলাকার রাইজদিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মতিনের কাছ থেকে চাঁদা না পেয়ে পুলিশ তাঁকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে এলাকাবাসীর পিটুনিতে পুলিশের সাদাপোশাকধারী এক সদস্য মারা যান। এরপর ঢাকা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী ঘটনা তদন্ত করে থানার পুলিশ সদস্যদের রদবদল করার সুপারিশ করেন এবং সাদাপোশাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে নির্দেশ দেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেন, সোনারগাঁয়ে মাদক নির্মূলে পুলিশ কতটুকু আন্তরিক, তা এলাকাবাসীর বোধগম্য নয়। মানুষের অভিযোগ, থানার পুলিশের একাধিক দল সাদাপোশাকে নিয়মিত অভিযানের নামে মানুষকে ভয়ভীতি দেখিয়ে উৎকোচ আদায়েই ব্যস্ত।
নারায়ণগঞ্জ বিচারিক আদালতের সহকারী সরকারি কৌঁসুলি বেগম নুরজাহান বলেন, সাদাপোশাকে পুলিশের অভিযানের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সোনারগাঁয়ে সাদাপোশাকে অভিযানের নামে পুলিশ যে ঘটনা ঘটিয়েছে, তা ফৌজদারি অপরাধ।
এসব বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক বলেন, সোনারগাঁয়ের পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে কমিটি। প্রতিবেদন পাওয়ার পর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে।