দুই এসআইসহ ছয় পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার দুই উপপরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবলকে গত শুক্রবার প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
গত বৃহস্পতিবার নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ এক আদেশে পীরগঞ্জ থানার এসআই নূর আলম সিদ্দিকী ও মামুনুর রশীদ এবং কনস্টেবল জিওফ আহমেদ, আবদুল জলিল, মো. সোহাগ ও মনোরঞ্জন রায়কে ঠাকুরগাঁও পুলিশ লাইনের রিজার্ভ অফিসারের (আরআই) অধীনে সংযুক্ত করেন।
আদেশে বলা হয়, ওই এসআই ও কনস্টেবলরা পুলিশ লাইনে সংযুক্ত হয়ে আরআইয়ের নির্দেশ মোতাবেক কার্যাদি পরিচালনা করবেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় তাঁরা পুলিশ লাইনে সংযুক্ত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পীরগঞ্জ থানার দুজন এসআই ও চারজন কনস্টেবল রানীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তায় নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা পুলিশের ওপর ক্ষিপ্ত হন। সন্ধ্যা সাতটার দিকে দুই শতাধিক লোক ওই পুলিশ সদস্যদের গোগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে রাত আটটার দিকে রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত, পীরগঞ্জ থানার ওসি শওকত হোসেনসহ দুই উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত জনতাকে বুঝিয়ে আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে পীরগঞ্জ থানায় নিয়ে আসেন।
এসপি ফারহাত আহমেদ ওই ছয়জনকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।