দুই এসআইসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবির অভিযোগে রাজধানীর পল্লবী থানার দুই এসআই জাহিদুল ইসলাম, জুবায়ের হোসেনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পল্লবীর লাবনী বেগম মামলাটি করেন।
ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া নালিশি মামলাটি গ্রহণ করে ঘটনা তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। অন্য ১৬ জনের মধ্যে ঠিকানা আছে সাইফুল ইসলাম, আমানউল্লা, মো. রুবেল, সিরাজ বক্স ও হারুনের।
মামলার আরজিতে বলা হয়েছে, ১২ মে আলীনগর হাউজিংয়ের পাশে বাদীর মামা মমিন বক্স কয়েকজন শ্রমিক নিয়ে ভবন নির্মাণের কাজ করছিলেন। এ সময় সাইফুল ইসলাম, আমানউল্লাসহ ১০-১২ জন তাঁদের কাছে ১০ লাখ টাকা চাঁদা চান। ১৪ মে তাঁরা কাজ করতে গেলে আসামিরা কাজে বাধা দেন এবং রাজিব ও মমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসআই জাহিদুল ঢাকা মেডিকেল থেকে বাদীর লোকজনকে আটক করে এক লাখ টাকা চাঁদা চান। ১৮ মে আরেক এসআই জুবায়ের বাদীর শ্বশুরকে মারধর করেন এবং আরও ৬০ হাজার টাকা দাবি করেন।