দুই এসআইয়ের ভাই-ভাতিজাসহ গ্রেপ্তার চার, হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০০ গ্রাম হেরোইনসহ পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) ভাই-ভাতিজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তারের ছোট ভাই আবদুল গণি (৪০) ও একই থানার এসআই রবিউল আলমের ভাতিজা পলাশ (২২) এবং দুজনের সঙ্গী হাফিজুর রহমান (৩২) ও ওয়াহিদুল ইসলাম (৩৩)। তাঁদের চারজনকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করেছে র্যাব।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, র্যাব-১-এর একটি দল গতকাল বিকেলে উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ সড়কের একটি বাসার নিচতলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ গণি ও পলাশকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা থেকে হাফিজুর ও ওয়াহিদুলকে গ্রেপ্তার করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানার একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমের আস্থাভাজন হিসেবে পরিচিত রবিউল আলম পাঁচ মাসের বেশি সময় ধরে সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর ‘রাইটারের’ (মামলা লেখার কাজ) দায়িত্ব পালন করতেন সাত্তারের ভাই আবদুল গণি। কিন্তু অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় এক সপ্তাহ আগে রবিউলকে নেত্রকোনায় বদলি করা হয়। এর পরও তিনি আশুলিয়া থানায় থেকেই বদলির আদেশ বাতিল করার চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে আশুলিয়া থানায় কর্মরত অবস্থায় সাত্তারের বিরুদ্ধে ফেনসিডিল বিক্রির অভিযোগ ওঠায় তাঁকে অন্যত্র বদলি করা হয়। আশুলিয়ায় কর্মরত অবস্থায় ২০১০ সালে তিনি সাভারের গেন্ডা এলাকায় প্রায় আড়াই কোটি টাকার জমি কিনে বাড়ি নির্মাণ করেন। এসব নিয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদনও ছাপা হয়েছে। যোগাযোগ করলে রবিউল আলম বলেন, পলাশ নামে তাঁর কোনো ভাতিজা নেই। তবে সাত্তারের ভাই গণি তাঁর রাইটার হিসেবে কাজ করতেন।