দুই এসএসসি পরীক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮
ফেনী ও নোয়াখালীর বেগমগঞ্জে গত রোববার সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একই দিন চাঁদপুরের শাহরাস্তি, বরিশাল, রাজবাড়ী ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা এলাকায় গত রোববার একটি পিকআপ ও কাভার্ড ভ্যান দুই দিক থেকে একটি হিউম্যান হলারকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে গেলে হিউম্যান হলারের এক যাত্রী নিহত ও ১৪ জন আহত হয়। এরা সবাই এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। নিহত পরীক্ষার্থী হোসনে আরা আক্তার (১৫) দাগনভূঞা উপজেলার রাজাপুর পূর্ব ঘোনা গ্রামের নুরুল আফসারের মেয়ে।নোয়াখালী: নোয়াখালী-ফেনী মহাসড়কের বেগমগঞ্জের সুরেরপোল এলাকায় রোববার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী এসএসসি পরীক্ষার্থী নুরুল হুদা ওরফে বাপ্পি (১৬) নিহত হয়। শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়ার খাজুরিয়া পেট্রল পাম্প এলাকায় রোববার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের ইয়াছিন (২৫), যাত্রী একই উপজেলার বাঘমারা গ্রামের আলী আকবর (৩০) ও ভাতেশ্বর গ্রামের নিমাই দেবনাথ (৩৫) নিহত হন।বরিশাল: নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় রোববার রাতে এসিডবাহী একটি ট্যাংকারের চাপায় সোহরাব গাজী (৫০) নিহত হন। তিনি সিঅ্যান্ডবি রোডের খান বাড়িতে ভাড়া থাকতেন। গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর শহরের শ্রীপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রোববার বাসের চাপায় ফজলুল হক বিশ্বাস (৭০) নামের একজন নিহত হন। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামে। তিনি চরমোনাইয়ে অনুষ্ঠিত মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ: গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারহাট এলাকায় গত রোববার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের আরোহী লোকমান (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন। এতে ট্রাকচালক বেল্লাল (২৬) এবং আরেক অজ্ঞাতনামা ব্যবসায়ী (৪০) আহত হন।