দুই এসপিসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন টেলিকমের প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই পুলিশ সুপারসহ (এসপি) সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অজয় কুমার সাহা পল্টন থানায় মামলা দুটি করেন।পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসেন, সিরাজগঞ্জের এসপি মো. হুমায়ুন কবির (দুজনই রাজারবাগ পুলিশ লাইন টেলিকমের সাবেক সহকারী মহাপরিদর্শক) ও পুলিশ লাইন টেলিকমের হিসাবরক্ষক আবদুল লতিফ দুটি মামলায়ই আসামি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক মামলা দুটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।একটি মামলার এজাহারে দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে বলা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে পুলিশ টেলিকম অডিটোরিয়ামের অভ্যন্তরে পুরোনো বিদ্যুৎ-সংযোগ মেরামত ও নতুন সংযোগ স্থাপনের জন্য এক লাখ ৮৩ হাজার ১০২ টাকার কাজ করার কথা ছিল। কিন্তু এক লাখ ২০২ টাকার কাজ করে আসামিরা পরস্পর যোগসাজশে বাকি ৮২ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন। এ মামলায় দুই এসপি, হিসাবরক্ষক ছাড়া অপর দুই আসামি হলেন মেসার্স হারুন এন্টারপ্রাইজের মালিক হারুন অর রশিদ ও তাঁর প্রতিনিধি মো. মুনতাসির আলম।অপর মামলার এজাহারে বলা হয়, ২০০৫-০৬ অর্থবছরে পুলিশ লাইন টেলিকমের পুরোনো ক্যানটিন ও গার্ডরুম মেরামত ও রং করা এবং কর্মচারী মেসের মেরামত ও সম্প্রসারণ কাজের জন্য বিল দেওয়া হয় তিন লাখ ২২ হাজার ৭২৩ টাকার। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, আসামিরা অল্প কিছু কাজ করে দুই লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ করেন। দুই এসপি ও হিসাবরক্ষকসহ এ মামলায় মেসার্স বকুল ট্রেডার্সের মালিক মো. সফিউল খোকন ও তাঁর প্রতিনিধি মো. আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে।দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান খান প্রথম আলোকে বলেন, উভয় ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্তেও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তবে পুলিশ বিভাগ অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নিয়ে দুদককে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান করে মামলা করেছে।