দুই ওয়ার্ডে আ. লীগের প্রার্থী পরিবর্তন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে দুটি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। ৩ নম্বর ওয়ার্ডে মো. আফছার উদ্দিনের পরিবর্তে মাকসুদ হোসেন মহসিন এবং ১১ নম্বর ওয়ার্ডে মো. কামরুজ্জামান বাবলুর পরিবর্তে মো. হামিদুল হক শামীম এর নাম ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন এবং দক্ষিণে দলের নির্বাচন সমন্বয়কারী সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গতকাল বুধবার রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৯৩ টির মধ্যে ৯১ ওয়ার্ডের সাধারণ আসন ও ৩১টি ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলের দুই নির্বাচন সমন্বয়কারী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে এর আগেই দলের সমর্থন-প্রত্যাশী সব প্রার্থীর কাছ থেকে প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই নিয়ে রাখা হয়। গড়ে প্রতিটি ওয়ার্ডে পাঁচজনের বেশি প্রার্থী আওয়ামী লীগের সমর্থন-প্রত্যাশী ছিলেন।
বিভিন্ন ওয়ার্ডে একাধিক নেতা দলের প্রার্থিতা প্রত্যাশী হওয়ায় নানা দেনদরবার শেষে গতকাল একক প্রার্থী ঘোষণা করা হয়। তবে দক্ষিণের ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড উন্মুক্ত রাখা হয়েছে। এ দুই ওয়ার্ডে যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দক্ষিণে সাধারণ আসন ৫৭ টি, সংরক্ষিত ১৯ টি। উত্তরে এই সংখ্যা যথাক্রমে ৩৬ ও ১২।
আরও পড়ুন..