দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ
মাদারীপুরের কালকিনি ও মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় এই দুই ওসিকে বদলির নির্দেশ দিয়েছে কমিশন। আজ বৃহস্পতিবার রাতে কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত চিঠি পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়েছে।
কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সেখানকার থানার ওসি মতিয়ার রহমানকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কালকিনি থানার ওসি কৃপাসিন্ধু বালার বিরুদ্ধে সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ করেছেন আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। তদন্ত শেষে কৃপাসিন্ধু বালাকে বদলি করা হয়।