দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ও মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি কৃপাসিন্ধু বালাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার রাতে কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত চিঠি পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়েছে।
কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম প্রথম আলোকে এ তথ্য জানান। জানা গেছে, কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর অভিযোগে এবং মাদারীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে দুই ওসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
বিরোধী দলগুলোর পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে নিস্পৃহতার অভিযোগ উঠেছে। গত বুধবার বিজয় দিবসের উৎসবকে কেন্দ্র করে সারা দেশের একাধিক জায়গায় মন্ত্রী-সাংসদেরা পৌরসভা নির্বাচনে নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচার চালালেও নির্বাচন কমিশন কিছু বলেনি বলে তাঁদের অভিযোগ।
বিজয় দিবসের অনুষ্ঠানে শেরপুরে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান, তাহেরপুরে রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক এবং নান্দাইলে ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে ভোট চান। তবে পৌরসভা নির্বাচনের আচরণবিধিতে বলা আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপ, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতাসহ সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তিনি ছয় মাসের কারাদণ্ডে বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আচরণবিধি লঙ্ঘনের কারণে কমিশন প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারে।
কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের কক্ষে দীর্ঘক্ষণ কমিশনের বৈঠক চললেও মন্ত্রী-সাংসদদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ কোনো মন্তব্য করেননি।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, বিজয় দিবসে এবং তার আগের দিন দেশের বিভিন্ন এলাকায় মন্ত্রী-সাংসদদের আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত বিষয় উল্লেখ করে গতকাল কমিশন সচিবালয় থেকে একটি নথি তৈরি করা হয়েছে। আজ শুক্রবার সেটি কমিশনের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পত্রিকার সংবাদ কেটে প্রতিদিনই ফাইলে দেওয়া হচ্ছে, কিন্তু কমিশন কিছুই করছে না। একান্ত বাধ্য হলে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়ে দায় সারবে।
নির্বাহী হাকিমদের ভ্রাম্যমাণ আদালত নিয়েও কমিশন সচিবালয়ের কর্মকর্তারা হতাশ। গত রোববার থেকে ২৩৪টি পৌরসভায় একজন করে নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের পেছনে প্রতিদিন কমিশনের খরচ হচ্ছে ৮ লাখ ১৯ হাজার টাকা। কিন্তু গত পাঁচ দিনে নির্বাহী হাকিমদের ভ্রাম্যমাণ আদালতকে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি।
১৫ ডিসেম্বর বরগুনার পাথরঘাটা পৌরসভায় বিএনপির প্রার্থী ও কর্মী-সমর্থকদের মিছিলে হামলা চালায় প্রতিপক্ষ। সরকারি দলের সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীও গতকাল নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, নির্বাহী হাকিমেরা এসব ঘটনায় ভূমিকা রাখলে প্রার্থীরা কিছুটা হলেও আচরণবিধি মেনে চলতে বাধ্য হতেন।