দুই ওসিসহ ছয় পুলিশকে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার প্রত্যাহার করে নেওয়া দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে জেলা সার্কিট হাউসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত কমিটি যাঁদের জিজ্ঞাসাবাদ করেছে তাঁরা হলেন ফতুল্লা মডেল থানার প্রত্যাহার করা ওসি আকতার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার প্রত্যাহার করা ওসি আবদুল মতিন, ফতুল্লা মডেল থানার সাবেক পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, জেলা ডিবির সাবেক পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল, ফতুল্লা মডেল থানার সাবেক উপপরিদর্শক (এসআই) ফজলুল হক ও জহিরুল ইসলাম।
বেলা তিনটার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলীর নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ শুরু করে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লা মডেল থানার আওতাধীন এলাকা থেকে গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। নজরুলের পরিবারের অভিযোগ, নূর হোসেন র্যাবকে ছয় কোটি টাকা দিয়ে সাতজনকে তুলে নিয়ে গেছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে কালক্ষেপণ করে। তাঁরা পুলিশের কোনো সহযোগিতা পাননি। ধারণা করা হচ্ছে, এই কারণে ফতুল্লা মডেল থানার প্রত্যাহার করা ওসি আকতার হোসেন ও ফতুল্লা মডেল থানার সাবেক পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামকে তলব করেছে তদন্ত কমিটি। এই মামলায় প্রথম তদন্তভার দেওয়া হয় ফতুল্লা মডেল থানার সাবেক এসআই ফজলুল হক তালুকদারকে। পরবর্তী সময় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে জেলা ডিবির সাবেক পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়ালকে দায়িত্ব দেওয়া হয়। তাঁকেও পরিবর্তন করে ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়।