চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কর্তব্য পালনে অবহেলার অভিযোগে গত দুই দিনে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই শিক্ষককে কর্তৃপক্ষ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। এ ছাড়া পরীক্ষার হলে মুঠোফোনসহ প্রবেশ করায় গত সোমবার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ওই দুই শিক্ষক হলেন দক্ষিণ তালুক পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক ও বার ঘড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতান গিয়াস উদ্দীন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) চিঠি সূত্রে জানা যায়, আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ১২ নম্বর কক্ষে সোমবার এক পরীক্ষার্থীর পকেটে মুঠোফোন পাওয়া যায়। এ কারণে তাকে বহিষ্কার করা হয়। এ সময় ওই কক্ষের পরিদর্শক সুলতান গিয়াস উদ্দীনকে কর্তব্য পালনে অবহেলার অভিযোগে পরীক্ষা নেওয়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে হরিদাস দ্বিমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় গতকাল মঙ্গলবার একরামুল হককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।