চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার পণ্যের খালাস স্থগিত করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এই দুই কনটেইনারে ঘোষণা অনুযায়ী পণ্য আমদানি হয়নি।
কাস্টম হাউস সূত্র জানায়, স্কয়ার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান রাবার শিট আমদানির ঘোষণা দেয়। তবে কনটেইনার খুলে পিভিসি শিট পাওয়া যায়। এতে ৫০ লাখ টাকার রাজস্ব হানির চেষ্টা হয় বলে কর্মকর্তারা জানান।
এ ছাড়া ‘অ্যালুমিনিয়াম ইংগট’ ঘোষণায় এক কনটেইনার পণ্য আমদানির ঘোষণা দেয় আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এ জন্য প্রায় ৪০ লাখ টাকার পণ্যের বিপরীতে ১০ লাখ টাকা শুল্ক করও জমা দেয় প্রতিষ্ঠানটি। তবে নির্ধারিত পণ্য না আসায় আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টম হাউসের কমিশনারের কাছে লিখিত আবেদন করে জানান, রপ্তানিকারক অ্যালুমিনিয়াম ইংগট রপ্তানি না করে অন্য পণ্য দিয়েছে। বিষয়টি যাচাই করতে ওই লিখিত আবেদনে জানানো হয়। এরপর কাস্টম হাউসের কর্মকর্তারা কনটেইনার খুলে সিমেন্ট ব্লক দেখতে পান।
কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে পশুখাদ্য ঘোষণায় আমদানি করা গ্লুকোজের ১০ কনটেইনারে চার থেকে পাঁচ কোটি টাকা শুল্ক ফাঁকি হয়েছে বলে ধারণা করছে কাস্টম হাউস।
গতকাল রোববার ল্যাবরেটরির পরীক্ষায় এসব কনটেইনারের পণ্য গ্লুকোজ বলে শনাক্ত হয়। গত শুক্রবার এসব কনটেইনার আটক করা হয়েছিল।