দুই কনটেইনারে পাওয়া গেল ১০ কোটি টাকার মদ!
শিল্প-কারখানার মূলধনি যন্ত্রপাতির ঘোষণা দিয়ে আমদানি করা দ্বিতীয় কনটেইনারটিতেও বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া গেছে। এই নিয়ে দুই কনটেইনারের পুরো চালানটিতে পাওয়া গেছে দুই হাজার ৯৮৩ কার্টন বিদেশি মদ। এ ছাড়া ৯৮ কার্টন বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের সিগারেট, ৪০ কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট এবং পাঁচটি ৭০ ইঞ্চি শার্প ব্র্যান্ডের এলসিডি টেলিভিশন। শুল্ক কর্মকর্তারা জানান, কনটেইনার দুটিতে হুইস্কি, ব্র্যান্ডি, জিন ও ওয়াইন—এই চার ধরনের মদ রয়েছে। সবগুলো কার্টন খুলে পরীক্ষা করা সম্ভব না হওয়ায় মদের বোতলের প্রকৃত সংখ্যা জানা যায়নি বলে শুল্ক কর্মকর্তারা জানান। তবে কয়েকটি কার্টন খুলে শুল্ক কর্মকর্তারা দেখেন, প্রতি কার্টনে ১২ ও ২৪ বোতল করে মদ রয়েছে। এই হিসাবে মদের বোতলের সংখ্যা আনুমানিক ৪৫ হাজার হবে বলে ধারণা করছেন শুল্ক কর্মকর্তারা। কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, জব্দ হওয়া শুধু বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকার বেশি। তিনি বলেন, লাইসেন্স ছাড়া মদ আমদানি করা যায় না। মদ আমদানিতে শুল্ক-কর ৫৯৮ দশমিক ৮১ শতাংশ। শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের রাজাবাড়ির পলাশপুর এলাকায় অবস্থিত ‘পিম এমএসজি অ্যান্ড কোম্পানি’ মূলধনি যন্ত্রপাতির ঘোষণা দিয়ে গত ১১ মার্চ দুই কনটেইনার পণ্য আমদানি করে। কনটেইনার দুটি খালাসের প্রক্রিয়া শুরু না করায় গত মঙ্গলবার একটি কনটেইনার খুলে বিদেশি মদ, সিগারেট ও এলসিডি টিভি পাওয়া যায়। গতকাল বুধবার অপর কনটেইনারটি খুলেও বিদেশি মদ, সিগারেট ও এলসিডি টিভি পাওয়া যায়। শুল্ক কর্মকর্তারা জানান, জব্দ হওয়া পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। আমদানিকারকের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।