শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর থানার দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে এক কিশোরীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগে উপজেলার একটি গ্রামে ওই দুই কনস্টেবলের একজনকে আটকে রাখে গ্রামবাসী।
পুলিশের ওই দুই কনস্টেবল হলেন রবিউল রাসেল ও জুয়েল রানা।
হরিরামপুর থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই দুই কনস্টেবল মোটরসাইকেলযোগে সাদাপোশাকে হরিরামপুর উপজেলার একটি গ্রামের একটি বাড়িতে যান।
গতকাল শুক্রবার ওই গ্রামের অন্তত ১০ ব্যক্তির সঙ্গে কথা হয়। তাঁদের ভাষ্যমতে, ওই গ্রামের এক কিশোরীর (অষ্টম শ্রেণির ছাত্রী) সঙ্গে কনস্টেবল জুয়েলের ‘অনৈতিক সম্পর্ক’ ছিল। গ্রামের লোকজনের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাদাপোশাকে ওই দুই কনস্টেবল একটি বাড়িতে গেলে চোর সন্দেহে এক নৈশপ্রহরী চিৎকার শুরু করেন। এরপর গ্রামবাসী ওই বাড়ি ঘেরাও করে। এর আগে কনস্টেবল জুয়েল মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে গ্রামবাসী ওই বাড়িতে গিয়ে একটি ঘরে এক কনস্টেবলকে দেখতে পান। একপর্যায়ে ওই বাড়ির এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রামবাসী তাঁকে আটক করেন। রাত দুইটার দিকে ওসি জুয়েলকে উদ্ধার করে নিয়ে যান।
তবে ওই কিশোরী ও তার পরিবারের সদস্যরা ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁদের বাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
ওসি লুৎফর রহমান বলেন, দুই কনস্টেবল পেশাগত কাজে ওই গ্রামে যাননি। তাঁদের সেখানে পাঠানোরও কোনো নির্দেশনা ছিল না। বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ওই দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।