দুই কবির হাতে জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার

কবি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাশ পরিবার সামলে কবিতা লিখতেন। কেউ কবিতা চাইতে এলে তিনি রসুইঘরে বসে রান্না থামিয়ে কবিতা লিখে দিতেন। আর ২০১৬ সালে জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কারে ভূষিত হলেন যে কবি, তিনি অনুভূতি জানিয়ে বলছিলেন, তাঁকেও দুই সন্তান সামলে লিখতে হয়।
কুসুম কুমারী দাশের উত্তরসূরিদের ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কারে’ ভূষিত করল প্রথমা প্রকাশন। ২০১৬ সালে ‘প্রকাশ্য হওয়ার আগে’ পাণ্ডুলিপির জন্য সালেহীন শিপ্রা এবং ২০১৭ সালে ‘বিষণ্নতার দ্বাদশ অধ্যায়’ পাণ্ডুলিপির জন্য পুরস্কার পান মেহেরুবা নিশা। গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ের প্রশিক্ষণ হলে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল একটি সনদ ও ২৫ হাজার টাকার চেক। ইতিমধ্যে সালেহীন শিপ্রার পাণ্ডুলিপিটি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। মেহেরুবা নিশার পাণ্ডুলিপিটি প্রকাশিত হওয়ার পথে।
কথাশিল্পী ফারুক মঈনউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কবি সাজ্জাদ শরিফ ও কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে সাজ্জাদ শরিফ বলেন, ‘কবিতা লেখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। আপনি পুরস্কার পেয়েছেন কি পাননি, কবিতার জন্য তা গৌণ বিষয়। কবিতা যখন লিখবেন, সর্বস্ব দিয়ে লিখবেন।’
কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘যে পুরস্কারের সঙ্গে জীবনানন্দের নাম জড়িয়ে আছে, সেই পুরস্কার নিয়ে ঈর্ষা করা যায়। এখানে বসে দুজন কবির কবিতা শুনেছি। তরুণেরা ভালো কবিতা লিখছেন। এটাও আমাদের আশান্বিত করে।’
ফারুক মঈনউদ্দীন ক্লিনটন বি সিলির আ পোয়েট অ্যাপার্ট বইটি অনুবাদ করেছেন। সভাপতির বক্তব্যে তিনি এই অনুবাদের পটভূমি তুলে ধরেন। সালেহীন শিপ্রার বাড়ি জামালপুর জেলার বানিয়াবাড়ী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, পুরস্কারটি তাঁর কাছে বিশেষ একটি ব্যাপার। তার লেখালেখিতে প্রথম আলো সব সময় পাশে ছিল। প্রথম আলোয় প্রথম কবিতা ছাপা হওয়াই তাকে লেখালেখিতে প্রেরণা জুগিয়েছিল। মেহেরুবা নিশা কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইংরেজিতে পড়েছেন। অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি কখনো ভাবিনি কবি হব। পুরস্কার পাওয়ায় প্রথম আলো পরিবারকে কৃতজ্ঞতা।’
শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও জীবনানন্দ গবেষক ক্লিনটন বি সিলি এবং প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে ২০১৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রথমা প্রকাশনের জাফর আহমদ।