দুই কমিটির কোন্দলে কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি এম মোরশেদ খান ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) সমর্থকদের রয়েছে দুটি আলাদা কমিটি।দলীয় সূত্রে জানা যায়, মোরশেদ খান পক্ষের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে ডজনখানেক মামলা। বর্তমান সরকারের আমলেই সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অভিযোগে দায়ের হয়েছে অন্তত পাঁচটি মামলা। সাকা চৌধুরী পক্ষের সভাপতি আজিজুল হকের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। দুই সভাপতিই এখন বেকায়দায়। তাঁরা দুজনই দাবি করেছেন, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আতঙ্কে প্রকাশ্য রাজনীতিতে আসতে পারছেন না তাঁরা। তবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, দলীয় কোন্দলের কারণে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।মোরশেদ খান সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘এ সরকারের আমলে তো স্বাধীন ও গণতান্ত্রিকভাবে রাজনীতি করা যাচ্ছে না। এ ছাড়া মামলা আর পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আতঙ্কে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে পারছি না। তাই সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।’সাকা চৌধুরী সমর্থিত পূর্ব গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক চৌধুরী দলীয় কার্যক্রম চলছে দাবি করে বলেন, বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল ও আলোচনা সভা করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।জানা গেছে, দলের পুনর্গঠনকে ঘিরে বোয়ালখালী বিএনপির কোন্দল ছিল চরমে। পাল্টাপাল্টি কমিটি গঠন, সংঘাত, ভাঙচুর, সড়ক অবরোধ, সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়ে বিবদমান পক্ষ দুটি।গত বছরের ১৭ নভেম্বর দুই পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান করে। এর আগে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ায় শেষে সম্মেলনই হয়নি। এরই মধ্যে গেল বছরের ২০ নভেম্বর মোরশেদ খানের অনুুসারীরা করলডেঙ্গায় সম্মেলন করে কমিটি ঘোষণা করে। কমিটির সভাপতি হলেন নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান। ২১ নভেম্বর ওই কমিটি জেলা বিএনপির অনুমোদন পায়।এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকেরা গত ৫ জুন উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন করে পাল্টা কমিটির ঘোষণা দেয়। কমিটির সভাপতি হলেন আজিজুল হক, সাধারণ সম্পাদক শওকত আলম।জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান বলেন, ‘গঠনতন্ত্র ছাড়া তো কারও মর্জিতে দল চলে না। আমাদের কমিটি জেলার অনুমোদিত বৈধ কমিটি। কেউ যদি দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করেন, তাহলে এ বিষয়ে জেলা ও কেন্দ্রই ব্যবস্থা নেবে।’ পূর্ব গোমদণ্ডী ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার বলেন, দলীয় কোন্দলের কারণে সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে।সাকা চৌধুরী সমর্থিত পক্ষের উপজেলা বিএনপির সভাপতি আজিজুল হক বলেন, এ সরকারের দমন-পীড়নে সারা দেশে বিএনপির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। দলীয় কোন্দল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। কিন্তু রাজনৈতিক মতাদর্শ এক।’