দুই কর্মকর্তা আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় করা মামলায় বিমানের দুই কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এই দুই কর্মকর্তা হলেন বিমানের ইঞ্জিনিয়ার নাজমুল হক ও টেকনিশিয়ান শাহ আলম।

গতকাল এই দুই আসামিকে ৭ দিনের রিমান্ড শেষে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। মামলাটি তদন্ত করছেন কাউন্টার টেররিজম ইউনিট বিভাগের পরিদর্শক মাহবুব আলম। গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি মেরামত করে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর অন্য একটি উড়োজাহাজে প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। বাংলাদেশ বিমানের নয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০ ডিসেম্বর বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ নয়জনকে আসামি করে এ মামলা করা হয়।