দুই কর্মকর্তা ও ব্যবসায়ী হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার বিশেষ জজ আদালতের বিচারক আবুল হোসেন খান জামিন আবেদন নামঞ্জুর করলে তাঁদের হাজতে পাঠানো হয়।আসামিরা হলেন, অগ্রণী ব্যাংকের শ্যামনগর শাখার সাবেক ব্যবস্থাপক ও সাতক্ষীরা শহরের রসুলপুরের মেহেদী হাসান, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা শহরের রাধানগরের ইকরামুল হক ও শ্যামনগর উপজেলার নকীপুর গ্রামের বাসিন্দা ও মেসার্স ইসলাম গার্মেন্টসের মালিক শহীদুল ইসলাম।মামলার নথি থেকে জানা যায়, বস্ত্র ব্যবসায়ী শহীদুল ইসলাম ১৯৮০ সাল থেকে অগ্রণী ব্যাংকের শ্যামনগর শাখার মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা করে আসছেন। ১৯৯৮ সালের ৪ নভেম্বর তিনি ওই ব্যাংক থেকে দুই লাখ ৭৫ হাজার টাকা তোলেন। ১৯৯৯ সালের ৩১ অক্টোবরের মধ্যে ওই টাকা পরিশোধ করার কথা। কিন্তু ব্যাংকের শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান ও কর্মকর্তা (সেকেন্ড অফিসার) ইকরামুল হক চেকে স্বাক্ষর করার পরও পোস্টিং দেওয়ার সময় প্রতারণার মাধ্যমে লেজার বইয়ে এক লাখ ৭৫ হাজার টাকা উল্লেখ করে ঋণ পরিশোধ দেখান। ফলে, ব্যাংক এক লাখ টাকা প্রতারণার শিকার হয়।১৯৯৮ সালের ১৬ নভেম্বর আসামি শহীদুল ইসলাম আবারও ৫০ হাজার টাকা ঋণ নেন। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন ব্যুরো প্রাথমিক তদন্তকালে দুটি চেকে উল্লিখিত টাকা তোলার কথা স্বীকার করেন শহীদুল ইসলাম। তিনি সুদসহ ঋণ নেওয়া সব টাকা ২০০১ সালের মার্চ মাসে পরিশোধ করার কথাও স্বীকার করেন। কিন্তু ওই সালের ২৫ জুন পর্যন্ত শহীদুল ইসলাম সুদাসলে তিন লাখ ৬৪ হাজার ৩১ টাকা পরিশোধ করেননি।প্রাথমিক তদন্ত শেষে দুর্নীতি দমন ব্যুরো খুলনার ব্যাংক শাখার পরিদর্শক কে এম মেজবাহউদ্দিন ২০০১ সালের ২৯ নভেম্বর দুই ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী শহীদুল ইসলামের নামে প্রতারণা ও ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পরপরই দুই ব্যাংক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা দুর্নীতি দমন কমিশনের প্রধান উপপরিচালক আর কে এম মজুমদার ২০১০ সালের ২ আগস্ট এজাহারভুক্ত তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার আসামিরা আদালতে হাজির হয়ে তাঁদের আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন।অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মেহেদী হাসানের বিরুদ্ধে ২০০১ সালে একই ধরনের প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন ব্যুরো শ্যামনগর থানায় একটি মামলা (জিআর-২৭৪/০১) দায়ের করে। ওই মামলায় তিনি জামিনে আছেন।