দুই কর্মকর্তা দেড় মাসেও গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সাউদার্ন গণ-উন্নয়ন সমিতি (এসজিএস) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই প্রধান কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির দেড় মাসেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গোপালগঞ্জ সদর কোর্টের নির্বাহী হাকিম নুসরাত জাবীর গত ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন এসজিএসের নির্বাহী পরিচালক শেখ দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী ওই প্রতিষ্ঠানের সদস্যসচিব নাজনীন বেগম।
গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার হীরাবাড়ি রোডের বাসিন্দা শেখ ইসমাইল প্রতারণার অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি এ মামলাটি করেন। বেকার তরুণদের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে এ প্রতারণামূলক মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে শেখ ইসমাইলসহ তাঁর আরও চার বন্ধুর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে মোট সাত লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, এ টাকা ২০১২ সালের ৫ জানুয়ারি থেকে একই বছরের ৯ সেপ্টেম্বরের মধ্যে নগদ এবং ডিডির মাধ্যমে দেওয়া হয়েছে।
অপর প্রতারিত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদরের মহাজনপাড়ার হেলাল উদ্দিন, কালিদাস বিশ্বাস, মো. সালেহউদ্দিন ও জমায়েতের রহমান।
মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের দিনই আদালত ওই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু দেড় মাসেও তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, মামলার পরবর্তী তারিখ ২২ এপ্রিল।
শেখ দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে শুনেছি।’ আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দেবেন বলে জানান তিনি।