ফরিদপুরের ভাঙ্গায় প্রতারণার অভিযোগে সিকিউরিটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সমবায় সমিতির পরিচালক ও ব্যবস্থাপককে গত মঙ্গলবার পুলিশে সোপর্দ করেছেন গ্রাহকেরা। এঁরা হলেন পরিচালক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সালমান ফার্সি ও ব্যবস্থাপক ভাঙ্গার ভরমানিকদী গ্রামের ইব্রাহিম খান। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে ভাঙ্গা বাজারের টিনপট্টিতে কার্যালয় ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল। এক লাখ টাকায় মাসে দুই হাজার টাকা মুনাফা দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানটি টাকা সংগ্রহ করে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ২০০ গ্রাহকের প্রায় এক কোটি টাকা জমা আছে। দুই মাস ধরে লাভের টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ইব্রাহিম খান বলেন, ‘আমি এ প্রতিষ্ঠানে চাকরি করি। সালমান ফার্সি টাকা নিয়ে ভাঙ্গা ছেড়ে চলে যাওয়ায় আমরা বিপাকে পড়েছি। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি টালবাহানা শুরু করেন। গত সোমবার পরিচালককে প্রলোভন দিই যে এক গ্রাহক ২০ লাখ টাকা জমা রাখবেন। পরিচালক গত মঙ্গলবার ভাঙ্গা কার্যালয়ে আসেন। খবর শুনে গ্রাহকেরা এসে পরিচালক ও আমাকে ঘেরাও করেন। পরে পুলিশ আমাদের আটক করে।’ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের নওশাদ মিয়ার স্ত্রী নাজরীন আক্তার জানান, তাঁর জমা এক লাখ টাকা তিনি ফেরত পাচ্ছেন না। সালমান ফার্সি বলেন, ‘গ্রাহকদের প্রায় ৮০ লাখ টাকা আমার কাছে জমা আছে। এ টাকার মধ্যে ৪০ লাখ টাকা দিয়ে আমি জমি কিনেছি। এ কারণে সমস্যা হয়েছে। আমি সবার টাকা দিয়ে দিব।’ ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, সমবায় সমিতির নামে সালমান ফার্সি অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছিলেন। গ্রাহকেরা তাঁকে এবং ব্যবস্থাপক ইব্রাহিম খানকে আটক করে পুলিশে দিয়েছেন। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।