
বগুড়ার আদমদীঘিতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখার ভল্ট থেকে ৩১ লাখ টাকা লুটের ঘটনায় গতকাল সোমবার ব্যাংকের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে ওই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী চার আনসার সদস্যসহ আটজনের বিরুদ্ধে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা দুজন হলেন শাখাটির ব্যবস্থাপক সামছুদ্দিন শরীফ ও ক্যাশিয়ার আজাহার আলী। বরখাস্তের এই পদক্ষেপের আগে গত রোববার রাতে তাঁদের আদমদীঘি শাখা থেকে ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছিল। ব্যাংকের বগুড়া করপোরেট শাখার (প্রিন্সিপাল অফিস) উপমহা-ব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সামাদ গতকাল সন্ধ্যায় বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লুটের ঘটনায় আদালতে গতকাল রিমান্ড আবেদন জানানোর আগে আটক ১২ জনের মধ্যে চার আনসারসহ আটজনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সোমবার এই আটজনকে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদমদীঘি থানায় মামলাটি করেছিলেন উপমহাব্যবস্থাপক আবদুস সামাদ।
রিমান্ডে নেওয়া আট ব্যক্তি হলেন ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা আনসার সদস্য মিলন হোসেন, পূর্ণদেব সাহা, নজরুল ইসলাম ও রুহুল আমিন এবং ব্যাংক ভবনের পাশে একটি ফার্নিচার দোকানের মালিক আশরাফুল ইসলাম, দোকানটির তিন কর্মচারী শাহীন হোসেন, শফিকুল ইসলাম ও মো. মৃদুল।
গতকাল শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক আদালতকে জানান, ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংঘবদ্ধ একটি চক্র ভল্ট ভেঙে ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা চুরি করে। ভল্ট ভাঙার সময় শব্দ হলেও নিরাপত্তা প্রহরী আনসার সদস্যরা তা ব্যাংক কর্তৃপক্ষকে জানাননি। তাঁদের আচরণও সন্দেহজনক। দোকানের মালিক ও কর্মচারীরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ জন্যই এই আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বগুড়া জেলা আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) জাকির হোসেন জানান, বাদীপক্ষের বক্তব্য শুনে গ্রেপ্তারকৃত আট আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।