দুই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক ও সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও নির্যাতন করার অভিযোগ করেছেন কর্মচারীরা। ওই দুই কর্মকর্তা ভোক্তাদের টাকা টিএসসির হিসাবে জমা না করে এবং খাবারের কুপন না দিয়ে কমপক্ষে এক লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।কর্মকর্তারা হলেন ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক মো. সারোয়ার হোসেন ও সুপারভাইজার মো. হাবিবুর রহমান। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ক্যাফেটেরিয়ার কর্মচারীরা গত বছরের ২০ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক ও রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনও করেন। এরপর ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি।কর্মচারীদের অভিযোগ, ২০১১ সালের ২১ জানুয়ারি ডিসেন্ট ফার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে বনভোজনের আয়োজন করলে ক্যাফেটেরিয়া থেকে খাবার পরিবেশন করা হয়। এর কোনো বিল টিএসসির হিসাবে জমা করেননি সারোয়ার ও হাবিবুর। একইভাবে ওই বছরের ১১ মার্চ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একটি অনুষ্ঠানের খাবারের বিল ২৭ হাজার টাকা, ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একটি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার বিল ৮০ হাজার টাকা, ২০১২ সালের ২ জানুয়ারি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের অনুষ্ঠানের খাবারের বিল বাবদ ৩০ হাজার টাকা নিলেও তা টিএসসির হিসাবে জমা দেননি। ২০১১ সালের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ক্যাফেটেরিয়ায় ২৮ জনের খাবার বিল পরিশোধ করেন চার হাজার ২০০ টাকা। ২৪ সেপ্টেম্বর ইতিহাস বিভাগ ও ৯ নভেম্বর ইংরেজি বিভাগে ১৫ হাজার ৫০০ টাকার খাবার সরবরাহ করা হয়। নিয়ম অনুসারে এসবের কোনো কুপন দেননি তাঁরা।২০১১ সালের ১৬ মার্চ সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক তমালিকা সুলতানা একটি অনুষ্ঠানে ১৩০ জনের খাবার বাবদ ৩৫ হাজার ৪০০ টাকার বিল পরিশোধ করেন। সারোয়ার ও হাবিবুর টিএসসির হিসাবে জমা করেন মাত্র চার হাজার ১০০ টাকা। একটি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের বিল চার হাজার টাকা পরিশোধ করা হলেও তাঁরা জমা করেন দুই হাজার টাকা। একই দিনে জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজের একটি অনুষ্ঠানের ৯০ প্যাকেট খাবার সরবরাহ করা হলেও তাঁরা কোনো কুপন দেননি।এ ব্যাপারে সহকারী অধ্যাপক তমালিকা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘একটি সাদা কাগজে রসিদ দেওয়ায় আমি তাঁদের ক্যাফেটেরিয়ার প্যাডে বিল দেওয়ার অনুরোধ করেছিলাম। তাঁরা দিতে সম্মত হয়েছিলেন। কিন্তু পরে আর সেটি আমাকে দেওয়া হয়নি।’ক্যাফেটেরিয়ার কর্মচারীরা অভিযোগ করেন, এসব অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে গত বছরের বিভিন্ন সময়ে সুপারভাইজার হাবিবুর রহমান তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগও করেছেন।কর্মচারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুধু সুপারভাইজার মো. হাবিবুর রহমানকে গত ফেব্রুয়ারি মাসে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ও টিএসসি কর্তৃপক্ষ। ইতিমধ্যে হাবিবুর দুটি নোটিশের জবাবও দিয়েছেন।এসব ব্যাপারে সারোয়ার হোসেন ও হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকজন কর্মচারী তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী বলেন, হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার তিনি নোটিশের জবাব দিয়েছেন। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।